মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২ হাজার ৪৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার দেওয়া হয়েছে। রবি/২০২১-২২ মৌসুমে রবি ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি পুনর্বাসন সহায়তার আওতায় এ বীজ ও সার বিতরণ করা হয়।
এ উপলক্ষে বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মোসাঃ তানিয়া ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরাফাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন মৃধা, প্রফেসর ইউনুস আলী সরদার, আঃ বারেক সিকদার ও জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম মহাসিন মৃধা প্রমুখ।
কৃষি অফিস জানায় – উপজেলার ২০৪৫ জন কৃষককে তাদের শস্য আবাদ অনুযায়ী ২০ জনকে এক কেজি করে সরিষা বীজ, ২৫০ জনকে ৮ কেজি করে খেসারি বীজ, ১ হাজার ৫০০ জনকে ৫ কেজি করে মুগ বীজ, ৫ জনকে ২০ কেজি করে গম, ১২০ জনকে ২ কেজি করে সূর্যমুখী বীজ, ১০০ জনকে ১০ কেজি করে চিনাবাদাম ও ৫০ জনকে ২ কেজি করে ভুট্টা বীজ এবং প্রত্যেককে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার দেওয়া হবে।