মোঃ আবদুর রহিম সজল, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ মাহান বিজয় দিবসকে সামনে রেখে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লা, স্কুল-কলেজ ও হাট-বাজার থেকে শুরু করে গ্রামের অলিগলিতে বিক্রি হচ্ছে জাতীয় পতাকা। মৌসুমি পতাকা বিক্রেতারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন জাতীয় পতাকা বিক্রিতে।
গতকাল মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা সদরের লঞ্চঘাট সড়কে দেখা হয় তেমনি এক পতাকা বিক্রিতা মোঃ কামরুজ্জামান (৩০) এর সঙ্গে। তিনি মাদারীপুর জেলার শিবচর উপজেলা থেকে পতাকা বিক্রি করতে এসেছেন। ৫ বছর যাবৎ বিজয়ের মাস এলেই বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পতাকা বিক্রি করেন। প্রতিদিন ৭০০-৮০০ টাকা আয় হয় পতাকা বিক্রি করে। বিজয়ের মাসেই পতাকা কিনতে আগ্রহী হয়ে উঠে মানুষ।
পতাকা কিনতে আসা এক অটোবাইক চালক মোঃ বশির বলেন, বিজয়ের মাস তাই পতাকা কিনছি। গাড়ীর সামনে পতাকাটি বেধে গাড়ি চালাবো। এতে গাড়ী চালানোর সময় পতাকাটি উড়বে আর তখন মনের মধ্যে দেশপ্রেম জাগ্রত হয় ও মুক্তিযোদ্ধাদের অবদানের কথা মনে পড়ে। এজন্যই পতাকা কেনা।
জাতীয় পতাকা ক্রেতা এক শিক্ষার্থী মোঃ মিনহাজুল বলল, স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাতে জাতীয় পতাকা কিনলাম।
বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজ মল্লিক বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে আমরা মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে এই লাল-সবুজের বাংলাদেশ পেয়েছি। শুধু ১৬ ডিসেম্বর এলে বিজয়কে মনে রাখব, সেটা যেন না হয়। একই সাথে এই পতাকাকে যেন অবমাননা করা না হয়, সেদিকে খেয়াল রাখার জন্য সকলের প্রতি অনুরোধ জানান তিনি।’