স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লে: কর্ণেল (অব:) ফারুক খান বলেছেন, বাঙ্গালী জাতি যখনই সামনের দিকে এগিয়ে যাবার চেষ্টা করেছে তখনই আন্তর্জাতিক চক্রান্তের শিকার হয়েছে। বঙ্গবন্ধুকে হত্যা করাটাও আন্তর্জাতিক চক্রান্ত ছিল। সতর্ক থাকতে হবে যাতে আগামীতে পূণ:রায় আন্তর্জাতিক ও দেশীয় চক্রান্তের শিকার হয়ে পিছিয়ে না যাই। এইটি হবে আজকের দিনে আমাদের শপথ।
আজ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় মহান বিজয় দিবস ও স্বাধীনতার ৫০ বছরের সূবর্ণজয়ন্তীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে কেন্দ্রীয় অাওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বাঙ্গালী জাতি বিএনপি-জামাত বা বিদেশী যড়ষন্ত্রের ফাঁদে পড়বে না। বঙ্গবন্ধুর মত মাথা উঁচু করে স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়ন অব্যাহত রাখবে। বঙ্গবন্ধুর যেভাবে স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা গড়ার, আজকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গড়ার ক্ষেত্রে অনেক দূর এগিয়ে গেছি। আগামী দশ বছরের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিনত হবে।
ফারুক খান আরো বলেন, আজকের স্বাধীনতার ৫০ বছর এটা বাঙ্গালী জাতির জন্য আনন্দ ও গর্বের দিন। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের পর যখন দেশ গড়ার কাজে মন দিলেন তখন অনেক দেশ বলেছিল বাংলাদেশ ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরে বেড়াবে। আজকে ৫০ বছর পরে আমরা প্রমাণ করতে পেরেছি বঙ্গবন্ধুর নির্দেশে যে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে, বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যার করার পরেও বঙ্গবন্ধুর আদর্শে এগিয়ে যাচ্ছে বাঙ্গালী জাতি।
এর আগে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানান প্রেসিডিয়াম সদস্য লে: কর্ণেল (অব:) ফারুক খান। পরে বঙ্গবন্ধু ও পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এসময় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, সাধারন সম্পাদক মো: বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। #