বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি ঃ বরিশালের বাবুগঞ্জে এক স্কুল শিক্ষককে মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ঐ স্কুল শিক্ষক সামাজিক ও আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন। তবুও তিনি মামলায় ন্যায় বিচার পেয়ে হয়রানি থেকে মুক্তি কামনা করছেন। অভিযোগ সূত্রে জানাগেছে,বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছালাম বেপারীর বিরুদ্ধে গত ২২ ও ২৩ নভেম্বর একই স্কুলের পঞ্চম শ্রেণির এক ছাত্রীর বাড়িতে ও বিদ্যালয়ের শ্রেণি কক্ষে গায়ে আপত্তিকর ভাবে স্পর্শ করেন। এমন অভিযোগ এনে ঐই ছাত্রীর মা বাদী হয়ে গত ৩০ নভেম্বর সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে প্রধান শিক্ষক আব্দুস ছালাম বেপারীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ মামলায় প্রধান শিক্ষক আব্দুস ছালাম বেপারী উচ্চ আদালতে জামিনের আবেদন করলে আদালত তাকে ৬ সপ্তাহের অগ্রিম জামিন প্রদান করেন। তবে এ ঘটনাটিকে প্রধান শিক্ষক নিছক হয়রানি দাবি করে বলেন একটি চক্র আমাকে সামাজিক ভাবে হয়রানী ও হেয় প্রতিপন্ন করতেই এমন অভিযোগ এনে আমার বিরুদ্ধে মামলাটি করিয়েছে। এদিকে এ ঘটনার পরবর্তী গত সোমবার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষক নেতাদের সাথে নিয়ে দক্ষিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত স্থানীয়রা আব্দুস সালাম বেপারীর বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তা ভিত্তিহীন বলে উল্লেখ করেন। তবে আদালতে বিচারাধীন মামলার বিষয়ে তারা কোন কথা বলেননি। তাবে প্রধান শিক্ষক আব্দুস ছালাম ন্যায় বিচার পাবেন বলেন তারা আশাবাদ ব্যক্ত করেন। এ সময় স্থানীয়রা তাকে নিয়মিত বিদ্যালয়ে পাঠদান ও সকল কর্মকান্ডে সক্রিয় হতে আহবান জানান।