“
মাসুদ রেজা ফয়সাল , বামনা(বরগুনা) প্রতিনিধিঃ
গত শুক্রবার রাত তিনটায় ঢাকা থেকে ছেড়ে আসা ‘অভিযান ১০” লঞ্চের ভয়াবহ অগ্নিকান্ড কেড়ে নেয় উত্তরা মডেল স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেনীর বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র স্বপ্ননীল হাওলাদারকে। স্বপ্ননীল বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের লক্ষ্মীপুরা গ্রামের সঞ্জীব হাওলাদারের বড় ছেলে। তারা স্ব-পরিবারে ঢাকার উত্তরায় বসবাস করতেন। ঘটনার দিন তারা সবাই ওই লঞ্চে গ্রামের বাড়ীতে বেড়াতে আসছিলেন। নিহত স্বপ্ননীল হাওলাদারের বাবা সঞ্জীব হাওলাদার জানান ছেলেকে হারানোর কথা। তিনি জানান, তারা ‘অভিযান ১০ ” লঞ্চে পরিবারের সবাইকে নিয়ে গ্রামের বাড়িতে একটি অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে বাড়ি ফিরছিলেন। রাত তিনটার দিতে আগুন লাগার কিছু সময় পূর্বে বড় ছেলে স্বপ্ননীল প্রসাব করতে ইঞ্জিন রুমের পিছনে কমন বাথরুমে যায়। এসময় ছোট ছেলে প্রত্যয়ও তার পিছনে পিছনে কিছুদুর গিয়ে ফিরে আসে। হঠাৎ ইঞ্জিন রুম থেকে আগুনের কুন্ডলী বেড় হতে দেখে স্বপ্ননীলকে খুজতে পিছনের দিকে যেতে থাকে। আগুনের ভয়াবহতায় তারা আর যেতে পারেনি। এমন সময় আগুন তাদের প্রায় কাছাকাছি চলে আসে। ছোট ছেলে প্রত্যয় দৌড়ে তাদের কাছে চলে আসে। আগুন আর ধোঁয়ার কুন্ডলীতে বড় ছেলে আর ফিরে আসেনি। আগুনের শেষ উত্তাপ তাদের গায়ে লাগাপর্যন্ত লঞ্চেই অপেক্ষা করছিলো তারা। পরে ছেলের আশা ছেড়ে দিয়ে স্ত্রী ও ছোট ছেলে প্রত্যয়কে নিয়ে নদীতে ঝাপ দেয়। তিনজনেই বেঁচে তীরে ওঠেন। হারিয়ে ফেলেন বড় ছেলে স্বপ্ননীলকে। কিন্তু তাদের সে স্বপ্ন সত্যি নীল হয়ে যায়। বাবা সঞ্জীব হাওলাদার ঝালকাঠি জেনারেল হাসপাতালের মর্গথেকে স্বপ্ননীলের অগ্নিদগ্ধ মরদেহ সনাক্ত করেন। পরে তাকে শুক্রবার রাতেই গ্রামের বাড়ীতে সমাহিত করা হয়।