• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রাস্তায় বেড়া, দুর্ভোগে ২০ পরিবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০২১, ০৭:১৪ পূর্বাহ্ণ
রাস্তায় বেড়া, দুর্ভোগে ২০ পরিবার

বরিশাল নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের নজরুল সড়কের দ্বিতীয় লেন শেখ রাসেল স্মৃতি সড়ক বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। ওই এলাকার বাসিন্দা বেল্লাল হাওলাদার সড়কের জমি নিজের দাবি করে এই বেড়া দিয়েছেন। ৮ লাখ টাকা দিলে তিনি রাস্তা চলাচলের জন্য খুলে দেবেন বলে জানিয়েছেন। এই পরিস্থিতিতে ওই রাস্তা ব্যবহার করেন এমন ২০টি পরিবারের সদস্যরা দুর্ভোগে পড়েছেন।

ভুক্তভোগী মোর্শেদা আক্তার রানু বলেন, ‘আমরা এখানে ২০টি পরিবার থাকি। এই একটাই রাস্তা আছে অমাদের চলাচলের জন্য। এই সড়কটি প্রয়াত মেয়র শওকত হোসেন হিরন ভাই নির্মাণ করে দিয়েছিলেন। কিন্তু বেল্লাল হাওলাদার হঠাৎ করে সড়কের জমি নিজের দাবি করে ৮ লাখ টাকা চাচ্ছেন।’

এলাকার বসিন্দা মো. আলমগীর বলেন, ‘সিটি করপোরেশনের সড়ক যখন জমিও তো সিটি করপোরেশনের। এখানে ব্যক্তি মালিকানাধীন বলতে কিছু থাকে না। যে সময় সড়ক নির্মাণ করা হয় তখন তিনি বাঁধা দিলেন না কেন?’

বরিশাল সিটি কলেজের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা আমেনা আক্তার বলেন, ‘আমাদের কলেজে যাতায়াত করতে অসুবিধা হচ্ছে। বেল্লাল হাওলাদারকে একাধিকবার রাস্তার ওপর থেকে বেড়া সরানোর জন্য অনুরোধ করা হয়েছে; কিন্তু তিনি কোনও ব্যবস্থা নেননি।’ সেখানকার ২০টি পরিবারের একই অভিযোগ জমি ক্রয়ের নাম করে চাঁদা দাবি করছে বেল্লাল।

বিষয়টি সিটি করপোরেশনে লিখিতভাবে অবহিত করা হয়েছে বলে জানান ভুক্তভোগী পরিবারগুলো।

এ ব্যাপারে বেল্লাল হওলাদার বলেন, ‘এখানে জমির পরিমাণ সাড়ে ৬ শতাংশ। জমির মাঝখান দিয়ে রাস্তাটি নির্মাণ কারা হয়েছে। এখন জমিটি আমি কোনও কাজে ব্যবহার করতে পারছি না। জমির ওপর দিয়ে যাতায়াতকারী যারা আছেন, তাদের বলেছি, রাস্তা একটি পাশ থেকে নির্মাণ করার জন্য। কিন্তু কেউ কোনও ব্যবস্থা না নিলে আমি রাস্তার ওপর দিয়ে বেড়া দিয়েছি। এখন রাস্তা যদি এক পাশ দিয়ে তৈরি করে, তবে আমি জমি দিতে পরি। এখানে কোনও চাঁদা দাবির ঘটনা ঘটেনি। বেড়া তুলতে ওই ২০টি পরিবার আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে।’

তিনি আরও বলেন, ‘এই জমি আমার বাবার নামে। আমার কাছে জমির রেকর্ডসহ সব কাগজপত্র আছে। সড়কের জমিটি এনিমি করা হলেও তার বিপরীতে ট্রাইবুনালে মামলা চলছে। এর সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত রাস্তায় বেড়া থাকবে।’

সূএঃবাংলা ট্রিবিউন