• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আরও ২ লাশ উদ্ধার, অক্ষত জামা-কাপড় শুধু পুড়েছে মুখ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৮, ২০২১, ১৩:০০ অপরাহ্ণ
আরও ২ লাশ উদ্ধার, অক্ষত জামা-কাপড় শুধু পুড়েছে মুখ

অভিযান-১০ লঞ্চে আগুনের পঞ্চম দিনের মাথায় ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে ভেসে ওঠা দুটি লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে জেলার সুগন্ধা নদীর নাপিতের হাট এলাকা থেকে আনুমানিক ৩০ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করে ঝালকাঠির ফায়ার সার্ভিস। এরপর দুপুরে ঝালকাঠি লঞ্চঘাট এলাকা থেকে ৭/৮ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেন বরিশালের কোস্টগার্ড সদস্যরা।

জানা গেছে, এখন পর্যন্ত এ ঘটনায় মোট ৪৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। জেলা পুলিশ, জেলা প্রশাসন ও রেড ক্রিসেন্ট ভিন্ন ভিন্নভাবে নিখোঁজের তালিকা করেছে।

avijan-10
আগুনে পোড়া অভিযান-১০ লঞ্চ
ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার সুগন্ধা ও বিষখালী নদীতে ভেসে ওঠে আরও দুটি লাশ। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ডুবুরিদল লাশ উদ্ধার করে। তারা জানিয়েছেন উদ্ধার যুবকের মুখ আগুনে পোড়া। গায়ে সোয়েটার রয়েছে। তবে এখনও তার পরিচয় শনাক্ত হয়নি।

ঝালকাঠির সদর থানার ওসি (অপারেশন) আবদুল মালেক জানান, কোস্টগার্ড খবর পেয়ে যে লাশটি উদ্ধার করেছে তার বয়স অনুমানিক ১৩ থেকে ১৪ বছর হবে। পরনে শার্ট গেঞ্জি ও ফুল প্যান্ট ছিল। লাশের মুখ পুড়ে যাওয়ায় চেনা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। শনাক্ত করা হলে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
সূএঃবাংলা ট্রিবিউন