বরগুনায় বাবা-মাকে ভরণপোষণ না দেওয়ায় মায়ের করা মামলায় ছেলেকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ম্যাজিস্ট্রেট। একইসঙ্গে পুত্রবধূ বিথিকে বেকসুর খালাস প্রদান করেছেন আদালত।
বুধবার বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নাহিদ হোসেন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মো. কামাল হোসেন বরগুনা জেলার সদর উপজেলার বাইনসমের্ত গ্রামের মো. ওয়ারেচ তালুকদারের ছেলে। রায় ঘোষণার সময় পুত্রবধূ উপস্থিত থাকলেও ছেলে আদালতে অনুপস্থিত ছিল।
জানা যায়, মামালার বাদী মা হাজেরা বেগম ২০১৯ সালের ৫ অক্টোবর তার ছেলে মো. কামাল হোসেন ও পুত্রবধূ মোসা. বিথীকে আসামি করে বরগুনা থানায় মামলা দায়ের করেন। মা অভিযোগ করেন তার ছেলে কামাল তাকে ও তার স্বামীকে ভরণপোষণ দিচ্ছে না। ছেলে ও ছেলের বউ তাকে মারধর করে ঘর থেকে বের করে দিয়েছে।
বরগুনা থানার এসআই মো. হান্নান মিয়া তদন্ত শেষে আসামি মো. কামাল হোসেন ও তার স্ত্রী মোসা. বিথীর বিরুদ্ধে পিতামাতার ভরণপোষণ আইন, ২০১৩ এর ৫(১)/৫(২)(ক) ধারায় আদালতে চার্জশিট দাখিল করেন। বিচারে ৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেন।
রায় ঘোষণার পর পুত্রবধূ বলেন, আমার স্বামী আদালতে হাজির হয়ে আপিল করবেন। তিনি বাড়ি থাকলে আদালতে আসতেন।
সূত্র ঃযুগান্তর