• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মামলার হুমকিতে দিনমজুরের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১, ২০২২, ১১:৩৩ পূর্বাহ্ণ
মামলার হুমকিতে দিনমজুরের আত্মহত্যা

গৌরনদী প্রতিনিধি॥ সময়মতো ঋণের কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় কর্মকর্তাদের মামলার হুমকির মুখে অবশেষে বিষপান করে আত্মহত্যা করেছে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা উজ্জল ফকির (২৬)। শুক্রবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছেন।
পুলিশ জানায়, দিনমজুর উজ্জল বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের আলী হোসেনের ছেলে। অতিসম্প্রতি উজ্জল প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় একটি পাকা বাড়ি বরাদ্দ পায়। সেখানে স্ত্রী ও দুই সন্তান নিয়ে তিনি বসবাস শুরু করেন।
উজ্জলের স্ত্রী রহিমা আক্তার বলেন, সম্প্রতি পল্লী দারিদ্র বিমোচন প্রকল্প থেকে তার স্বামী ৩০ হাজার টাকা ঋণ গ্রহন করেন। ইতোমধ্যে ঋণের ২৬টি কিস্তি পরিশোধ করা হয়। বাকী কিস্তির জন্য পল্লী দারিদ্র বিমোচনের কর্মকর্তারা তাদের বাড়ি এসে মামলা করার হুমকি প্রদর্শন করেন। এতে অনেকটা হতাশাগ্রস্থ হয়ে পরেন তার স্বামী উজ্জল ফকির।
একপর্যায়ে সবার অজান্তে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে উজ্জল কীটনাশক পান করেন। গুরুত্বর অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় রাত তিনটার দিকে সে (উজ্জল) মারা যায়।