চরফ্যাশনে যাত্রীবাহী বোরাকের চাপায় মোহাম্মদ আব্দুল্লাহ(৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার(১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের সিদ্দিক মিয়ার দোকানের উত্তর পাশে মেইন সড়কে এ দুর্ঘটনা ঘটে ৷
মৃত আব্দুল্লাহ (৮) চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের মোঃ বাসেদ রাজের দ্বিতীয় ছেলে ।
স্থানীয়রা জানান শিশু আব্দুল্লাহ মাহফিল শোনার জন্য রাস্তা দিয়ে যাওয়ার পথে রাস্তা ক্রস করার সময় এ দুর্ঘটনা ঘটে।জানা গেছে, স্থানীয় বোরাক চালক মিজান যাত্রীবাহী বোরাক বেপরোয়া গতিতে চরফ্যাশন – চেয়ারম্যান বাজার সড়ক দিয়ে যাওয়ার সময় আব্দুল্লাহ কে চাপা দেয়। এতে হাসপাতালে নেওয়ার পথে পথিমধ্যে শিশু আব্দুল্লাহর মৃত্যু হয়।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান পাটোয়ারী দৈনিক সময়েরচিত্র কে জানান, বোরাক ড্রাইভার মিজান শিশু আব্দুল্লাহকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে বরিশালে শিশু আব্দুল্লাহর মৃত্যু হয়।
কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এখনো পর্যন্ত কোন অভিযোগ দায়ের করা হয়নি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।