বাকেরগঞ্জ প্রতিনিধি
বরিশাল পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জের ভরপাশায় মুনির বাড়ি নামক স্থানে ২ জানুয়ারি রবিবার সকাল ১০ ঘটিকায় বাউফল থেকে ছেড়ে আসা বরিশালগামী ধানসিঁড়ি পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় একজন নিহত ও ১৫ জন আহত হয়েছে।বাকেরগঞ্জ ফায়ার সার্ভিস জানায়, ঘটনাস্থল থেকে গুরতর আহত অবস্থায় ১০-১২ জনকে উদ্ধার করে তাদের গাড়িতে বরিশাল শের-ইবাংলা মেডিকেল কলেজ হসপিটালে পাঠানো হয়েছে। এছাড়াও কমপক্ষে আরো ৮-১০ জন আহত হয়েছে। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আলাউদ্দিন মিলন জানান, এখন পর্যন্ত পটুয়াখালীর বাউফলের দাসপাড়া এলাকার অনুকুল কবিরাজের ছেলে রন কবিরাজ নামে একজনের মৃত্যু নিশ্চিত হওয়ার খবর পাওয়া গেছে। পোস্ট মর্টেম শেষে মৃত রন কবিরাজকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক বাস ধানসিড়ি বাকেরগঞ্জ থানায় আটক রয়েছে।