• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে নিখোঁজের ৫ দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২, ২০২২, ১২:৪৩ অপরাহ্ণ
মির্জাগঞ্জে নিখোঁজের ৫ দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজের ৫ দিন পর আরিফুর রহমান অপি(২৩) নামে এক কলেজ ছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২ জানুয়ারী) দুপুর ১২টার দিকে উপজেলার কাকড়াবুনিয়া বাজার সংলগ্ন পায়রা নদীর পূর্ব পাড় পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই চর থেকে লাশটি উদ্ধার করে পটুয়াখালী সদর ও মির্জাগঞ্জ থানা পুলিশ।

নিহত কলেজ ছাত্র বরিশাল সৈয়দ হাতেম আলী কলেজের অনার্স (ইতিহাস) তৃতীয় বর্ষের ছাত্র ও দেউলী সুবিদখালী ইউনিয়নের রানীপুর গ্রামের আলতাফ মৃধার ছেলে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৮ ডিসেম্বর দুপুরে অপি রানীপুর গ্রামের নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরিবার থেকে বিভিন্ন জায়গায় খোজাঁখুজিঁর করেও তাঁর সন্ধান না মেলায় নিখোঁজের ব্যাপারে মির্জাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। এরপর রোববার (২ জানুয়ারী) দুপুরে পায়রা নদীর কাকড়াবুনিয়া বাজার সংলগ্ন পূর্ব পাড়ে ছোট বিঘাই চরে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পটুয়াখালী সদর থানা পুলিশকে খবর দেন। পরে পটুয়াখালী সদর থানা পুলিশ বিষয়টি মির্জাগঞ্জ থানাকে অবহিত করেন। মির্জাগঞ্জ থানা পুলিশ নিখোঁজের পরিবারকে খবর দেয় এবং নিখোঁজ অপির বাবা আলতাফ মৃধা সেখানে গিয়ে ছেলের লাশ শনাক্ত করেন।

এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আনোয়ার হোসেন তালুকদার বলেন, এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়না তদন্ত শেষে লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

#