স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নবনিযুক্ত প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন ও ঢাকা বিভাগীয় কমিশনার মো: খলিলুর রহমান।
আজ রবিবার (০২ জানুয়ারী) বিকেলে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নবনিযুক্ত প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন। পরে বঙ্গবন্ধু ও পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে টুঙ্গিপাড়া পাটগাতি এলাকায় বঙ্গবন্ধুর স্মৃতি বিজরিত নির্মানাধিন লঞ্চ ঘাটলা পরিদর্শন করে।
এসময় সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী আ: কুদ্দুস মন্ডল, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো: আহসান হাবিব, মো: আলি আখতার হোসেন, এ কে এম লুৎফর রহমান, হাবিবুল আজিজ, মো: মজিবুর রহমান সিকদার, মন্মথ রঞ্জন হালদার, রতন কুমার দে, এলজিইডি গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হকসহ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এদিকে, বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান ঢাকা বিভাগীয় কমিশনার মো: খলিলুর রহমান। পরে তিনি ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় জেলা প্রশাসক শাহিদা সুলতানা, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বশার খায়ের, সাধারন সম্পাদক মো: বাবুল শেখ, পৌর মেয়র তোজাম্মেল হক টুটুল উপস্থিত ছিলেন। #