স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ৫ম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোপালগঞ্জের ১৮টি ইউনিয়নে ভোট গ্রহন শুরু হয়েছে। সকাল ৮টা থেকে একযোগে এ ভোটগ্রহন শুরু হয়।
এর মধ্যে ১৭টি ইউনিয়নে ব্যালটের মাধ্যমে ও একটি ইউনিয়নে ইভিএম-এর মাধ্যমে ভোট গ্রহন চলছে।
বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখা গেছে, আজ বুধবার (০৫ জানুয়ারী) সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে ভীড় করতে থাকে ভোটাররা। তবে পুরুষ ভোটার থেকে মহিলা ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রগুলোতে বাড়তে থাকে ভোটারদের সংখ্যা।
এ নির্বাচনে সদর উপজেলার ১৫টি ও কোটালীপাড়া উপজেলার ৩টি ইউনিয়নের ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া ইউনিয়নে ইভিএম-এর মাধ্যমে ভোটগ্রহন হচ্ছে। তবে কোটালীপাড়ার ৩টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় শুধুমাত্র সাধারন সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ভোটগ্রহন অনুষ্ঠিত হচ্ছে।
সদর উপজেলার ১৫ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮৭ জন, সাধারন সদস্য পদে ৮১১ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৫২ জন প্রার্থী ভোট যুদ্ধে নেমেছেন। মোট ভোটার ১ লক্ষ ৬১ হাজার ৯১২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮২ হাজার ৩৬১ জন আর নারী ভোটার ৭৯ হাজার ৫৫১ জন।
তবে গোপালগঞ্জ সদর উপজেলার ২১টি ইউনিয়নের মধ্যে সীমানা জটিলতায় ৬টি ইউনিয়নে নির্বাচন হচ্ছে না।
এ ভোটগ্রহন চলবে বিকাল ৪টা পযর্ন্ত। এ রিপোর্ট লেখা পযর্ন্ত কোন নির্বাচনী সংহিংসতার খবর পাওয়া যায়নি। #