ডেস্ক ঃ
পঞ্চম ধাপের নির্বাচনে টাঙ্গাইলের তিন উপজেলার ১৩টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। বুধবার (৫ জানুয়ারি) সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে এ ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। এদিকে সকালের ঘন কুয়াশা আর হিমেল হাওয়া উপেক্ষা করে কেন্দ্রে ভোটারদের ভালো উপস্থিতি দেখা গেছে।
পছন্দের প্রার্থীকে ভোট দিতে সকাল আটটার আগেই কেন্দ্রে-কেন্দ্রে ভিড় জমান ভোটাররা। নিজের ভোটে পছন্দের প্রার্থী যেন জয় পায় তাই ছিল তাদের চাওয়া।
জেলার বাসাইল উপজেলার কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল থেকেই দেখা যায় ভোটারদের লম্বা লাইন। উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট কেন্দ্রে এসেছেন ভোটাররা।
বাসাইল উপজেলার কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা কনক কান্তি দেবনাথ বলেন, সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। শীতকে উপেক্ষা করে সকালেই ভোটারদের দীর্ঘ লাইন রয়েছে। আশা করছি সুষ্ঠুভাবে এ ভোটগ্রহণ শেষ করতে পারবো।
জানা যায়, পঞ্চমধাপে জেলার বাসাইল উপজেলার চারটি, মির্জাপুর উপজেলায় ৮টি ও ঘাটাইল উপজেলায় একটি ইউনিয়ন পরিষদে নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এই ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ৬৮জন প্রার্থী। নির্বাচনে ভোট কেন্দ্র ১৩৪টি। মোট ভোটার সংখ্যা তিন লাখ ২৫ হাজার ৭৬৬ জন। নির্বাচনে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা এএইচ এম কামরুল হাসান বলেন, নির্বাচনে ৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া আট জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ কেন্দ্রে ছয় জন করে এবং সাধারণ কেন্দ্রে পাঁচ জন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। একইসঙ্গে প্রতিটি কেন্দ্রে ১৮ জন করে আনসার সদস্যও দায়িত্ব পালন করছেন। এছাড়া প্রতিটি উপজেলায় র্যাব এবং ডিবির টিমও কাজ করছেন।