ভোলার বোরহানউদ্দিনে অগ্নিকাণ্ডে ২০ দোকান-ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ঘর মালিক ও ব্যাবসায়ীরা।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) উপজেলার হাসান নগর ইউনিয়নের মির্জাকালু খাসমহল বাজারে সকাল আনুমানিক সাড়ে নয়টায় এ অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি লেপতোশকের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুন লাগে এরপর বাজারের দুইদিকে ছড়ায়, এতে ২০টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। প্রথমে স্থানীয় লোকজন পরে ভোলা সদর, বোরহানউদ্দিন, লালমোহন ও তজুমদ্দিন উপজেলা ফায়ার সার্ভিসের ৭টি টিম এসে প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ভস্মীভূত হয় প্রায় ২০ টি দোকান।নিঃস্ব হয়ে যায় প্রান্তিক ব্যবসায়ী। সারাদিনের কর্মব্যস্ততার পর বৃহস্পতিবার রাতে শীত উপেক্ষা করে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী নিয়ে ক্ষতিগ্রস্তদের মাঝে উপস্থিত হন। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত ২০ জনকে দুটি করে কম্বল, ২০ কেজি করে চাল, ডাল, আলু, পিয়াজ, লবণ, তৈল ও সাবান বিতরণ করেন। বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল হোসেন।