• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কোটালীপাড়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৮, ২০২২, ১২:২৩ অপরাহ্ণ
কোটালীপাড়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় বৃদ্ধ নিহত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় নির্বাচন পরবর্তী পরাজিত মেম্বার জঢী ও পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সহিংসতায় আহত জামাল শেখ (৬৫) নামে এক বৃদ্ধ চিকিসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ শনিবার (০৮ জানুয়ারী) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গত বৃহস্পতিবার (৬ জানুয়ারী) কোটালীপাড়া উপজেলার হিরণ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের লোহারংক গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জিল্লুর রহমান বিকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জামাল শেখ কোটালীপাড়া উপজেলার হিরণ ইউনিয়নের লোহারংক গ্রামের মৃত লেহাজ উদ্দিন শেখের ছেলে ও জয়ী মেম্বার প্রার্থী জাকির দাঁড়িয়ার সমর্থক।

ওসি মো: জিল্লুর রহমান জানান, গত বুধবার (৫ জানুয়ারি) উপজেলার হিরণ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের পরের দিন বৃহস্পতিবার (৬ জানুয়ারী) পরাজিত প্রার্থী মুসা বিশ্বাসের সমর্থকরা জয়ী প্রার্থী জাকির দাড়িয়ার সমর্থকদের উপর হামলা চালায়।

এতে জামাল শেখসহ ১০ জন আহত হন। আহতদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। এখানে আহত জামাল শেখের শারিরীক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার দুপুরে জামাল শেখ মারা যায়।

ওসি আরো বলেন, নিহত জামাল শেখের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিহত জামাল শেখের ভাই সিরাজুল ইসলাম বলেন, নির্বাচনের পরের দিন বৃহস্পতিবার পরাজিত মেম্বার প্রার্থী মুসা বিশ্বাস লোকজন নিয়ে আমাদের উপর হামলা চালায়। এই হামলায় আমার ভাই নিহত হয়েছেন।

জয়ী মেম্বার প্রার্থী জাকির দাড়িয়া বলেন, নির্বাচনে পরাজিত হয়ে আমার প্রতিপক্ষ মুসা বিশ্বাসের লোকজন আমার সমর্থকদের মারধর ও বাড়িঘরে হামলা চালিয়েছে। তাদের মারধরে জামাল শেখ নামে আমার এক সমর্থক নিহত হয়েছেন। আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি।

এ বিষয়ে পরাজিত মেম্বার প্রার্থী মুসা বিশ্বাসের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার ০১৯৮২৬৩৯৭৩৮ নাম্বারের মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়। #