• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বুস্টার ডোজ নিলেন আরও ৫৪ হাজার ৯৯৬ জন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১০, ২০২২, ০৩:৪৫ পূর্বাহ্ণ
বুস্টার ডোজ নিলেন আরও ৫৪ হাজার ৯৯৬ জন

ডেস্ক নিউজ ঃ
দেশে ২৮ ডিসেম্বর থেকে শুরু হয়েছে করোনা প্রতিরোধী টিকার বুস্টার ডোজ প্রয়োগ কার্যক্রম। এখন পর্যন্ত ৩ লাখ ৮১ হাজার ৯৬৭ জন মানুষ বুস্টার ডোজ নিয়েছেন। শনিবার (৮ জানুয়ারি) রাজধানীসহ সারাদেশে ৫৪ হাজার ৯৯৬ জনকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো তথ্য থেকে এসব জানা যায়।

গত ১৯ ডিসেম্বর দেশে পরীক্ষামূলক বুস্টার ডোজ কার্যক্রম শুরু হয়। সেখানে প্রথমে বুস্টার ডোজ নেন দেশে প্রথম করোনার টিকা গ্রহণকারী কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা ডি কস্টা। স্বাস্থ্য অধিদফতর বুস্টার ডোজ দেওয়ার ক্ষেত্রে ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা ও মডার্নার টিকা বেছে নিয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের পাঠানো তথ্য বলছে, ঢাকা মহানগরীতে ১৩ হাজার ৮৪৭ জনসহ ঢাকা বিভাগে ২২ হাজার ৭৬৯ জন, ময়মনসিংহ বিভাগে ৩ হাজার ৭১০ জন, চট্টগ্রাম বিভাগে ৫ হাজার ৫৬৮ জন, রাজশাহী বিভাগে ৭ হাজার ২১৮ জন, রংপুর বিভাগে ৫ হাজার ৬৬৮ জন, খুলনা বিভাগে ৬ হাজার ৩৫ জন, বরিশাল বিভাগে ১ হাজার ৬৪১ জন এবং সিলেট বিভাগে ২ হাজার ৩৮৭ জন বুস্টার ডোজ নিয়েছেন।