নলছিটি প্রতিনিধি :ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান হাওলাদারে ওপর হামলার ঘটনা ঘটেছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। তিনি প্রাণে রক্ষা পেলেও ইউপি সদস্য সাইদুল ইসলাম মন্টু আহত হয়েছেন। পরে খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে যায় এবং জুয়েল নামে রানাপাশা গ্রামের একজনকে আটক করে।
এ ঘটনায় জেলা পরিষদ সদস্য হাতেম ইঞ্জিনিয়ার সহ অজ্ঞাত ১৫-২০জনকে আসামি করে মামলা করেন ইউপি সদস্য সাইদুল ইসলাম মন্টু।
মামলার এজাহার সূত্রে জানা যায়,চেয়ারম্যান শাহজাহান ইউনিয়ন পরিষদের কাজে ঢাকায় যাওয়ার জন্য রওনা হলে লঞ্চঘাট এলাকায় সন্ধ্যা ৬.২০ টার সময় খোকন মোড়ল এর চায়ের দোকানের সামনে জেলা পরিষদ সদস্য জেএম হাতেমের নেতৃত্বে অজ্ঞাতনামা ১৫/২০ সন্ত্রাসীরা দা , লোহার রড , হকস্টিক , হাতুড়ি সহ দেশীয় অস্ত্র দিয়ে চেয়ারম্যানকে হত্যা করার উদ্দেশ্যে আক্রমন চালায় । তখন তাকে রক্ষার চেষ্টা করলে ২ নং বিবাদী তাহার হাতে থাকা ধরালো দা দিয়া খুনের উদ্দেশ্যে ইউপি সদস্য মন্টুকে কোপ দিলে মারাত্মক জখম হয় । এসময় অন্যান্য বিবাদীরা তাহাদের হাতে থাকা লাঠি ও লোহার রড দিয়া তাকে এলোপাথারী পিটাইয়া জখম করে । এসময় তার পকেট থেকে ৩৮ হাজার ১ শত টাকা নিয়ে যায় । বর্তমানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এবিষয়ে নলছিটি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান,এ ঘটনায় দুই পক্ষ থেকেই মামলা দায়ের করা হয়েছে। দুই পক্ষ থেকে দুজনকে আটক করা হয়েছে।বাকিদেরও আটক করা হবে।