• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নিখোঁজের ১৫ দিনেও সন্ধান মেলেনি ব্যাংক কর্মকর্তা নজরুলের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২১, ২০২২, ০৯:৪৯ পূর্বাহ্ণ
নিখোঁজের ১৫ দিনেও সন্ধান মেলেনি ব্যাংক কর্মকর্তা নজরুলের

সৈয়দ নূর-ই-আলমঃ
বরগুনার বেতাগী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা ও অগ্রণী ব্যাংকের ঢাকা বিওয়াপদা শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা মো. নজরুল ইসলাম (৫৭) নিখোঁজের ১৫ দিন পেরিয়ে গেলেও তার সন্ধান পাওয়া যায়নি। এতে তার পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে।

জানা গেছে, ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম ঢাকার শনির আখড়ায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। সেখান থেকে গত ৭ জানুয়ারি সকালে ঢাকার উত্তরখান এলাকায় তার নিজ বাড়ির মাসিক ভাড়া আদায়ের জন্য রওনা হয়ে যান। এরপর আর বাসায় ফেরেননি। দুপুর থেকে নিখোঁজ হন।
তার সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা ও অনেক খোঁজাখুঁজির পরেও আজ পর্যন্ত তার সন্ধান মিলছে না। স্ত্রী মোসা. রুবিনা নজরুলের পক্ষ থেকে নিখোঁজের ঘটনায় ইতিমধ্যে ঢাকার উত্তর খান থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

নজরুলের বাবা মৃত মোকসেদ আলী সিকদার। তার স্ত্রী, দুই ছেলে, দুই বোন ও এক ভাই রয়েছে। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথেও তিনি জড়িত রয়েছেন। অগ্রণী ব্যাংকের অফিসার্স সমিতির পাশাপাশি তিনি ঢাকাস্থ বেতাগী উপজেলা কল্যাণ সমিতির অর্থ-বিষয়ক সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন।

কোনো ব্যক্তি তার খোঁজ পেলে পারিবারিক সূত্রে দেওয়া এই নম্বরে +৮৮০১৬২০-৩৩২৮৬৬ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার জানান, নিখোঁজের বিষয় এখানে কোনো তথ্য নেই। তবুও কোনো সহযোগিতার প্রয়োজন হলে বেতাগী থানা পুলিশ এগিয়ে আসবে।