বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জে আড়িয়াল খাঁ নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় জেলেদের মাছ ধরা নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাসুম খান(৩০) নামে এক জেলে নিখোঁজ রয়েছে। অপর আহত মো. দেলোয়ার হোসেন(২৫) নামে এক জেলেকে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেবাচিমে প্রেরণ করেছেন।
বৃহস্পতিবার ভোর রাত ৩ টার দিকে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের গাজীপুর এলাকার আড়িয়াল খাঁ নদীতে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, ঢাকা থেকে পয়সারহাট গামী ছেড়ে আসা আওলাদ-৪ নামে যাত্রীবাহী লঞ্চ আড়ীয়াল খাঁ নদী অতিক্রমকালে নদীতে মাছ শিকারী জেলে নৌকার উপর লঞ্চ উঠিয়ে দেয় এতে লঞ্চের ধাক্কায় নৌকাসহ ডুবে যায়।
এদিকে দূর্ঘটনার পরপরই, বরিশাল নৌ ফায়ার স্টেশনের কর্মীরা নিখোঁজ জেলের উদ্ধারে কাজ করছেন। এ খবর লেখার আগ পর্যন্ত নিখোঁজের সন্ধান পাওয়া যায়নি। নৌ ফায়ার স্টেশনের অফিসার মোঃ খোরশেদ আলম জানান, নিখোঁজ জেলে মাসুম খান কে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরী দল চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আনিচুর রহমান সবুজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।