ডেস্ক নিউজ ঃ
জমি দখল চেষ্টার অভিযোগে বরিশাল (বানারীপাড়া-উজিরপুর)-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলমের ম্যানেজারসহ ৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বৃহস্পতিবার বানারীপাড়ার তেতলা গ্রামের রতন ঘরামী বাদী হয়ে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন।
আদালতের বিচারক মো. জহিরউদ্দিন মামলাটি তদন্ত করে আগামী ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে- ১৫ দিন আগে বাড়িতে ডেকে নিয়ে ১৫ কাঠা জমি লিখে দিতে বললেও রতন ঘরামী কোনো জবাব না দিয়ে ওই দিন বাড়ি ফিরে আসেন। এরপর গত ২৪ জানুয়ারি রাত সাড়ে ১১টায় শাহে আলমের ম্যানেজার আল আমীনসহ আরও ৩ জন তার ঘরে এসে ধারালো অস্ত্রের মুখে জমি লিখে দেওয়ার জন্য হুমকি দেয়। এমনকি তাদের দেশছাড়া করারও ভয়ভীতি দেখায়।
পরে তার ডাক-চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে ৯৯৯ নম্বরে খবর দিলে পুলিশ এসে তাকে উদ্ধার এবং ২ জনকে গ্রেফতার করে। কিন্তু পরদিন গ্রেফতারকৃতদের ছেড়ে দেয় পুলিশ এবং এ ঘটনায় বাদী মামলা করতে গেলেও থানায় তা নেয়নি। এ অবস্থায় আতঙ্কিত হয়ে আদালতে মামলা করেন রতন ঘরামী।