বরিশাল সদর উপজেলার জাগুয়ার একই পরিবারের ৮ জনকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে মেম্বার ও তার সহযোগীদের বিরুদ্ধে। গত শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে ৬ নং জাগুয়া ইউনিয়নের আস্তাকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলো, ওই এলাকার মৃত কাঞ্চন আলী খানের ছেলে মামুন উদ্দিন, মামুনের স্ত্রী আখি বেগম, মামুনের ছোট ভাই মহিউদ্দিন খান, মহিউদ্দিনের স্ত্রী কুলসুম বেগম, ভাই মহসিন উদ্দিন ও মহসিনের স্ত্রী ঝুমুর বেগম, ভাই মতিউর ও বড় ভাই মনিরের স্ত্রী শিরিন বেগম। এদের মধ্যে গুরুতর মামুন উদ্দিনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। আহত মামুনের ভাই মনির উদ্দিন জানান, গত তিন দিন পূর্বে মনিরের মা হঠাৎ অসুস্থ হয়ে মারা যায়। অর্থাৎ চতুর্থ দিন গত শনিবার মনিরের সেজো ভাই মিলন উদ্দিন জায়গা জমির ভাগ বন্টন চায়। ৪১ দিন পর জমির ভাগ বন্টন হবে বলে জানিয়ে দেন বড় ভাই মনির। এতে মনিরের উপর ক্ষিপ্ত হয়ে বিভিন্ন ভয়-ভীতি সহ খুন-জখমের হুমকি দেয় মিলন। হুমকি দেয়ার ২০ মিনিটের মাথায় পার্শ্ববর্তী অন্য ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাকির হোসেনসহ একদল সন্ত্রাসী অতর্কিত ভাবে মনিরুদ্দীনের বসত ঘরে ঢুকে হামলা চালায় মিলনের নেতৃত্বে।এ সময় মামুন উদ্দিন, মামুন উদ্দিনের স্ত্রী আখি, মহিউদ্দিন খান, কুলসুম, মহসিন, মতিউর, বাঁচাতে আসলে তাদেরকেও এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করেন প্রতিপক্ষ মিলন ও মেম্বার জাকির হোসেন সহ তার সহযোগীরা। প্রায় ঘণ্টাব্যাপী মেম্বার জাকির হোসেনসহ তার সহযোগীদের হামলা ও তাণ্ডব চালিয়েছে। এলাকাবাসী পরিস্থিতি শান্ত করতে ট্রিপল নাইনে কল দিয়ে পুলিশ প্রশাসনকে ডাকেন। কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে আসার সাথে সাথে মেম্বার জাকির হোসেন ও তার দলবল পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং গুরুতর মামুন উদ্দিনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত মতিউর জানান, আমরা জাগুয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা। আমাদের ভালো-মন্দ আমাদের ইউনিয়ন চেয়ারম্যান এবং আমাদের ওয়ার্ডের মেম্বার দেখাশোনা করবে। কিন্তু ৯ নং ওয়ার্ডের মেম্বার জাকির হোসেন আমার ছোটভাই মিলনের কথায় তার দলবল সন্ত্রাসী নিয়ে আমাদের বাসায় এসে হামলা ভাঙচুর তাণ্ডব কিভাবে চালায়। বিষয়টি আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। এ বিষয় মেম্বার জাকির হোসেনের মুঠো ফোনে কল দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেননি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।