স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাড়ীর পাশের একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় গাউজ দাঁড়িয়া (৪৫) নামে এক মুদি দোকানীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (০৩ ফব্রুয়ারী) সকালে সদর উপজেলার খানারপাড় গ্রামের পুকুর থেকে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ব্যবসায়ী গাউজ দাঁড়িয়া গোপালগঞ্জ সদর উপজেলার খানারপাড় গ্রামের আজিম দাঁড়িয়া ছেলে।
নিহতের পিতা আজিম দাঁড়িয়া জানান, গাউজ দাঁড়িয়া প্রতিদিনের মত বুধবার রাতে বাড়ির পাশের দোকানে ঘুমিয়ে ছিলো। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা বাড়ির পাশের পুকুরে তার মরদেহ ভাসতে দেখে পরিবারের লোকজনকে খবর দেয়।
পরে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান বলেছেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আশা করি দ্রুততম সময়ে রহস্য উদঘাটন করা সম্ভব হবে।