• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পাথরঘাটায় টমেটো চাষে সাফল্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০২২, ০৫:২৪ পূর্বাহ্ণ
পাথরঘাটায় টমেটো চাষে সাফল্য

ডেস্কঃ বরগুনার পাথরঘাটা উপজেলার দরিদ্র কৃষক পরিবারের সন্তান প্রশান্ত সমাদ্দার করোনাকালে পার্শ্ববর্তী অন্যের জমি লিজ নিয়ে টমেটো চাষ করে লাভবান হয়েছেন। প্রশান্ত পাথরঘাটা উপজেলার চরদুয়ানি ইউপির ছহেরাবাদ গ্রামের বিজন কৃষ্ণ সমাদ্দারের ছেলে ।

সাংসারিক কাজকর্মের পাশাপাশি তিনি করোনাকালে ৬৮ শতাংশ পার্শ্ববর্তী প্রতিবেশীর জমি বাৎসরিক ৮ হাজার টাকায় লিজ নিয়ে বিজলী জাতের টমেটো চাষ করে ভাগ্য বদলেছেন। ওই টমেটো তিনি বছরের ৯ মাস বিক্রি করবেন।

প্রশান্তর সঙ্গে কথা বলে জানা যায়, পাথরঘাটা উপজেলা কৃষি বিভাগের এসএসিপি প্রকল্পের আওতায় কৃষি কর্মকর্তা শিশির কুমার বড়ালের সহযোগিতায় এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা শ্যামল হাওলাদারের পরামর্শে তিনি বিজলী জাতের টমেটো চাষে উৎসাহিত হন। জমি প্রস্তুত, সার, ওষুধ ও পরিচর্যা বাবদ তার প্রায় ৪০ হাজার টাকা খরচ হয়েছে। ভালো ফলনের আশায় তিনি দিনের বেশির ভাগ সময় ব্যয় করেন ওই জমিতে। চলতি মৌসুমে তিনি এখন পর্যন্ত পাকা টমেটো প্রতি কেজি ৫০ এবং কাঁচা ৩০ টাকা দরে খুচরা মূল্যে প্রায় ৬০ হাজার টাকা বিক্রি করেছেন।

তিনি আশা করছেন, কোনো রোগবালাইয়ের আক্রমণ না হলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে চাষ করা টমেটো আরো ছয় থেকে সাত মাস বিক্রি করতে পারবেন। সব মিলিয়ে এ মৌসুমে প্রায় ২ লাখ টাকার টমেটো বিক্রি করবেন বলে তিনি আশাবাদী।

পাথারঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা শিশির কুমার বড়াল বলেন, বর্তমানে গ্রাম ও শহরের মানুষের মধ্যে টমেটোর ভালো চাহিদা আছে। এই জাতের টমেটোর গুণাগুণও ভালো। প্রশান্তকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।