নলছিটি প্রতিনিধি:: ঝালকাঠির নলছিটিতে এক সাবেক ছাত্র লীগের সহ সভাপতিকে এলোপাতাড়ি কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলা পরিষদের নতুন ভবনের সড়কে এ ঘটনা ঘটে।পরে তাকে উদ্ধার করে ঢাকায় নেয়া হয়। আহত ফয়সাল আহমেদ আকন(৩০) উপজেলার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সুলতান আকনের ছেলে। আহত ফয়সাল আকনের বাবা সুলতান আহমেদ জানান, আমার ছেলের সাথে পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর দিলরুবা বেগমের ছোট দুই ভাই মিলন ও আলমগীর পূর্বশত্রুতার জের ধরে অতর্কিত হামলা করে এবং দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।পরে আহত অবস্থায় তাকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয় । এবিষয়ে কাউন্সিলর দিলরুবা জানান, আমি কিছু দিন যাবৎ খুব অসুস্থ। বিছানা থেকে উঠতে পারছি না। কি হয়েছে সে বিষয়ে আমি কিছুই জানি না। তবে কিছু দিন আগে আমার ভাইদের সাথে ফয়সাল আকনের সাথে ঝগড়া হয়েছিল। এদিকে ছাত্র লীগের সাবেক এ নেতাকে কুপিয়ে জখম করায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বর্তমান উপজেলা ছাত্রলীগের সভাপতি অনিক রহমান সরদার ও সাধারণ সম্পাদক দিদারুল আলম রায়হান। এছাড়াও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা। এবিষয়ে নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি)আতাউর রহমান জানান, এ ঘটনায় কোন অভিযোগ আসেনি। তবে আমাদের অভিযান অব্যাহত আছে।