স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে রামশীল ইউনিয়ন আওয়ামী লীগ অফিসসহ ২০টি দোকান ও বসতঘর পুড়ে গেছে। এতে আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছে ক্ষতিগ্রস্তরা।
কোটালীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো: নজরুল ইসলাম অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ ররিবার (০৬ ফেব্রুয়ারী) দুপুরে কোটালীপাড়া উপজেলার রামশীল বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্টেশন মাস্টার মো: নজরুল ইসলাম জানান, বেলা আড়াইটার দিকে রামশীল বাজারের সজিব মোল্লার লেপ-তোষকের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
মুহুর্তের মধ্যে আগুন বাজারের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়েলে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়, ওষুধের দোকান, স্বর্ণের দোকান, মুদি দোকানসহ ১৬টি দোকানঘর ও ৩টি বসত ঘর পুড়ে যায়।
পরে খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিসের কর্মিরা ঘটনাস্থলে এসে স্থানীয় এলাকাবাসীর সহায়তায় প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়।
তিনি আরো জানান, ক্ষতিগ্রস্থদের তালিকা ও ক্ষয়ক্ষতির নিরুপন করার কাজ চলছে। #