ডেস্ক নিউজ ঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের পুনর্নির্বাচনের বলারকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধীর গতিতে ভোট নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টায় ভোট শুরু করার কথা থাকলেও সকাল সাতটার পরে নারী ভোটাররা কেন্দ্রের সামনে এসে লাইনে দাঁড়ান। তবে নির্ধারিত সময়ে শুরু হলেও ভোটগ্রহণে ধীর গতির অভিযোগ করেন ভোটাররা।
তাত্রা গ্রামের গৃহবধূ জেসমিন আক্তার বলেন, আমি ভোট দেওয়ার জন্য সকাল আটটায় কেন্দ্রের বাইরে লাইনে এসে দাঁড়াই। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার পর দুপুর দেড়টার দিকে ভোট দিতে পেরেছি। তিনি আরও জানান, ভেবেছিলাম সকাল-সকাল কেন্দ্রে ভোট দিয়ে বাড়িতে গিয়ে দুপুরের রান্না বান্না করবো। কিন্তু ভোট দিতে সাড়ে পাঁচ ঘণ্টা সময় লেগে গেছে।
শুধু জেসমিন আক্তার না ভোট গ্রহণের অভিযোগ অধিকাংশ ভোটারদের।
একই গ্রামের ভোটার মালেকা বেগম বলেন, সকাল আটটায় ভোটকেন্দ্রে এসেছিলাম। তবে ভোট দেওয়ার দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে অবশেষে দেড়টার পরে ভোট দিতে পেরেছি।
ধীরগতিতে ভোট গ্রহণের বিষয়ে বলারকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার কমল রায় জানান, ভোটগ্রহণ শুরুর আগেই সকাল সাতটার পর থেকে আশপাশের ভোটাররা কেন্দ্রের সামনে এসে ভিড় জমান। একসঙ্গে অতিরিক্ত ভোটার চলে আসায় ভোটগ্রহণে কিছুটা ধীরগতি ছিল। বেলা সাড়ে বারোটার পর থেকে ভোট দেওয়ার গতি অনেকটাই বেড়েছে বলে দাবি করেন তিনি।