• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বোরহানউদ্দিনে প্রখ্যাত লেখক খন্দকার রেজাউল করিমের সায়েন্স ফিকশন “কাল্পনিক বিতর্ক” বইয়ের মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২২, ১৭:৫৭ অপরাহ্ণ
বোরহানউদ্দিনে প্রখ্যাত লেখক খন্দকার রেজাউল করিমের সায়েন্স ফিকশন “কাল্পনিক বিতর্ক” বইয়ের মোড়ক উন্মোচন

..

শাহরিয়ার হিমু, বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে প্রখ্যাত লেখক খন্দকার রেজাউল করিমের বিজ্ঞান, দর্শন ও সাহিত্যের সমন্বয়ে লেখা বই “কাল্পনিক বিতর্ক” এর মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকালে বোরহানউদ্দিন পৌরসভা মিলনায়তনে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বোরহানউদ্দিন পৌরসভা মেয়র, মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর পত্রিকার সহ-সম্পাদক ইমরান হোসেন, বোরহানউদ্দিন পৌরসভা কাউন্সিলরবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ ও সুশীল সমাজ।

বইটির লেখক খন্দকার রেজাউল করিম একজন প্রখ্যাত শিক্ষক, গবেষক এবং দার্শনিক। তার শিক্ষাকতা জীবনের শুরু ১৯৭৫ সালের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। ১৯৭৮ সালে উচ্চ শিক্ষার জন্য আমেরিকায় যান। ১৯৮৩ ইউনিভার্সিটি অফ অরিগন থেকে পদার্থবিদ্যায় ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। এরপর ৩০ বছর কাটিয়েছেন আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও শিক্ষকতার কাজে। বর্তমানে তিনি আমেরিকার ইলিয়ন স্টেট ইউনিভার্সিটির ইমিরেটাস প্রফেসর। ড. করিম গবেষণার কাজে জড়িত ছিলেন নাসা, মার্কিন জাতীয় বিজ্ঞান সংস্থা, ন্যাটো, টোকোমাক ফিউশন স্টেট রিয়্যাক্টর এবং আরো অনেক প্রতিষ্ঠানের বিজ্ঞান প্রকল্পে।

অনুষ্ঠানের আয়োজক দৈনিক যুগান্তর পত্রিকার সাহিত্য বিষয়ক সম্পাদক জুন্নু রাইন বলেন, এই বইতে লেখক অত্যন্ত সুন্দর ও সহজভাবে বিজ্ঞানের বিষয়গুলো সাহিত্যিক, দার্শনিক এর সমন্বয়ে পাঠকদের কাছে তুলে ধরেছেন। বইতে বিখ্যাত বিজ্ঞানীদের দৈনন্দিন জীবনের সহজ বাস্তব কথা গুলো কাল্পনিক চরিত্রের মাধ্যমে উপস্থাপন করেছেন।