স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চুরির দায়ে শহিদুল হোসেন (৪০) নামের এক চোরকে ধরে মারধর করে গলায় জুতার মালা পরিয়ে বাজার ঘোরানোর অভিযোগ উঠেছে। অভিযুক্ত চোরকে জুতার মালা পড়িয়ে সারা বাজার ঘুরিয়ে মারধর করে পুলিশে না দিয়ে ছেড়ে দেয় স্থানীয় ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) বিকালে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাজারে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত চোর শহিদুল চিতলমারী উপজেলার হিজলা গ্রামের মোতালেব হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানাগেছে, গত ১৪ জানুয়ারি পাটগাতি বাজারের মনি ইলেকট্রনিক্স থেকে দুইটি এলইডি টিভি ও একটি খাবারের দোকান থেকে ১৪ হাজার টাকাসহ মানিব্যাগ ও শিমলা সুইটস থেকে একটি মোবাইল চুরি হয়। পরে দোকানদাররা বণিক সমিতির কার্যালয়ে অভিযোগ দিলে সিসি টিভির মাধ্যমে চোরকে সনাক্ত করা হয়। কিন্তু সে কারো পরিচিত না হওয়ায় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
বৃহস্পতিবার বিকালে এক ব্যক্তি বিভিন্ন দোকানের সামনে থেকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করায় তাকে দোকানদাররা আটক করে। তখন পূর্বের ধারণকৃত ভিডিও থেকে সংগ্রহীত ছবির সাথে তার চেহারা মিলে যাওয়ায় চোর হিসাবে সনাক্ত করা হয়। তখন বিক্ষুব্ধ দোকানদাররা চোরকে মারধর করার পর জুতার মালা পরিয়ে সারা বাজার ঘুরিয়ে পুলিশে না দিয়ে ছেড়ে দেয়।
পাটগাতি বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মইনুল ইসলাম অপু জানান, বিভিণœ সময় পাটগাতি বাজারে চুরির ঘটনা ঘটনা ঘটেছে। কিন্তু একটি বিষয়েরও সমাধান হয়নি। ফলে ব্যবসায়ীরা ওই চারের জুতা দড়ির সাথে বেঁধে গলায় পড়িয়ে বাজারে ঘুরায়। পরে মানবিক কারনে পুলিশ না দিয়ে ছেড়ে দেয়।
এ ব্যাপারে টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সুলতান মাহমুদ বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে এখন পর্যন্ত কোন পক্ষই থানায় কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। #