• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

চাচা-ভাতিজাদের বেশি খাওয়ার প্রতিযোগিতা, জয়ী হলেন যারা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২২, ১৮:২৫ অপরাহ্ণ
চাচা-ভাতিজাদের বেশি খাওয়ার প্রতিযোগিতা, জয়ী হলেন যারা

নিজস্ব প্রতিবেদক
টেবিলের দুপাশে সারিবদ্ধভাবে খেতে বসেছেন তারা, দেখে মনে হবে যেন বিয়েবাড়ির অনুষ্ঠান। কিন্তু তা নয়, ব্যতিক্রমী এ আয়োজন ছিল চাচা-ভাতিজাদের খাওয়ার প্রতিযোগিতা। গতকাল শুক্রবার রাতে বরিশাল নগরের ভাটিখানা এলাকার শরীফবাড়িতে আয়োজন করা হয় এ ভোজন প্রতিযোগিতার। জানা গেছে, খাওয়ার প্রতিযোগিতায় শেষ পর্যন্ত ভাতিজাদের সঙ্গে পেরে ওঠেননি প্রবীণ চাচারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১০টায় রান্না শেষে শুরু হয় খাওয়ার প্রতিযোগিতা। এলাকার ২০ জন করে চাচা ও ভাতিজার দুটি দল প্রতিযোগিতায় অংশ নেয়। ভাতিজা প্রতিযোগীদের বয়স ছিল ২৫ বছরের মধ্যে। আর চাচাদের বয়স ৫৫ থেকে ৬০ বছরের মধ্যে। দুই দলের জন্য বরাদ্দ ছিল ৪০ কেজি করে দুই ডেক খিচুড়ি-গরুর মাংস। প্রতিযোগিতায় প্রায় এক ঘণ্টার মধ্যে ভাতিজা দলের ২০ জন মিলে ৩৮ কেজি খিচুড়ি-মাংস খেয়ে বিজয়ী হন। তবে চাচারাও এ দৌড়ে পিছিয়ে ছিলেন না। একই সময়ের মধ্যে তাঁরা খেয়েছেন ৩২ কেজি খিচুড়ি-মাংস।

ব্যতিক্রমী এই আয়োজনের উদ্যোক্তা টুনু শরীফ বলেন, এখানে হারজিত মূল বিষয় নয়। করোনাকালে সবকিছুই প্রাণহীন হয়ে গেছে। তাই এ রকম সময়ে সবার মধ্যে আনন্দ ছড়িয়ে দিতে এ আয়োজন করা হয়েছে। পরে রাত ১১টায় প্রতিযোগিতা শেষে ভাতিজাদের চ্যাম্পিয়ন ক্রেস্ট ও চাচা দলের হাতে রানার্সআপ ক্রেস্ট তুলে দেওয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার আতিকুর রহমান, বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, বরিশাল সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ হাবিবুর রহমান ও ব্যবসায়ী বিষু ঘোষ।