আসলামউজ্জামান,ভেনিস, ইতালিঃ “সকল ভাল কাজের সাথে আমরা রয়েছি” এই স্লোগানকে সামনে রেখে বাংলা কমিউনিটির পাশে থেকে কাজ করে যাচ্ছে বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিসের সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা। সংগঠনের মাধ্যমে গরীব অসহায় মানুষকে সাহায্য, প্রবাসে মৃত্যুবরণ করা লাশ বাংলাদেশে প্রেরণে অর্থ প্রদান,করোনায় আক্রান্ত পরিবারকে আর্থিক সাহায্য, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোসহ নানা প্রকার সামাজিক কল্যাণমূলক কাজ করে যাচ্ছেন তারা।এছাড়া ও সংগঠনের সদস্যদের উজ্জীবিত রাখার জন্য আয়োজন করা হয় নানা বিনোদনমূলক আয়োজন।এরই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবার ও সংগঠনের সদস্যদের নিয়ে আয়োজন করা হয়েছে তুষার ভ্রমণ।পরিবার পরজন নিয়ে এবারের গন্তব্য ছিল বিশাল বরফের রাজ্য ভেনোতো বিভাগের লাগো দি আল্লেঘে তে। যাত্রার শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শরিফ মৃধা।সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন এর তত্ত্বাবধানে নুরআলম এর পরিচালনায় বাসের মধ্যে গান,কবিতা,কৌতুক এবং লাকি কুপনে সকলে মেতে উঠে।পথবিরতীতে সকালের নাস্তা সেরে সকলেই আনন্দ আর উল্লাস এর মধ্য দিয়ে গন্তব্যে পৌঁছায়। দুপুরের খাবার শেষে সকলে হারিয়ে যায় সাদা চাঁদরে মোড়ানো লাগো দি আল্লেঘের ভূখণ্ডে। যার যার মত করে দিনটিকে স্মৃতি করে রাখার জন্য তুষারে ঢাকা পাহাড় আর প্রাকৃতিক সৌন্দর্যের সাথে ক্যামেরাবন্দি হন।পড়ন্ত বিকেলে প্রবাসে থেকে দেশীয় সংস্কৃতিকে তুলে ধরতে পুরুষ, মহিলা এবং কোমলমতি শিশুদের অংশগ্রহণে নানা ধরনের দেশীয় খেলা অনুষ্ঠিত হয়। পরিশেষে ফিরতি পথে সংগঠনের সদস্যদের উপস্থিতিতে খেলায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, ভারপ্রাপ্ত সভাপতি শরীফ মৃধা, জসীম উদ্দিন, কবির হোসাইন, সারোয়ার সরকার, তাজুল ইসলাম সরকার তাজ,নুরে আলমসহ আর ও অনেকে।