• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর ছবিকে কেন্দ্র করে গভীর ষড়যন্ত্র: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২২, ১৭:৩০ অপরাহ্ণ
বঙ্গবন্ধুর ছবিকে কেন্দ্র করে গভীর ষড়যন্ত্র: জিএম কাদের

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত ফেস্টুন ও দাওয়াত কার্ড ছিড়ে ফেলার মিথ্যে অভিযোগ তুলে রংপুর সিটি করপোরেশনের মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফার বিরুদ্ধে একটি চক্র ঘৃণ্য চক্রান্ত শুরু করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদ লিপিতে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘জাতির জনক সব বিতর্কের ঊর্ধ্বে। কিন্তু আওয়ামী লীগ নামধারী সুবিধাবাদী চক্রটি রংপুরের মেয়রকে অন্যায়ভাবে ফাঁসাতে গিয়ে পক্ষান্তরে জাতির জনককেই অসম্মান করেছেন।’
জাতির জনকের ছবিকে হাতিয়ার হিসাবে যারা নোংড়া, ঘৃণ্য ষড়যন্ত্র এবং অপরাজনীতি শুরু করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান জাপা চেয়ারম্যান।

প্রতিবাদ লিপিতে তিনি বলেন, ‘আগামীতে রংপুর সিটি করপোরেশনের নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন দলের একটি অংশ রংপুরের নন্দিত মেয়র মোস্তফাকে বিতর্কিত করতে ষড়যন্ত্র শুরু করেছে। মোস্তফা রংপুরের মাটি ও মানুষের নেতা। তার বিরুদ্ধে ঘৃণ্য ষড়যন্ত্র কখনোই সফল হবে না। রংপুরের লাখ লাখ মানুষ সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে।’
জাতির জনকের ছবিকে টোপ বানিয়ে যারা অপরাজনীতি শুরু করেছে তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের দলীয়ভাবেও ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন গোলাম মোহাম্মদ কাদের।