স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগের গোপালগঞ্জ ভেন্যুর খেলায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ২-১ গোলে পরাজিত করে পূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে উত্তর বারিধারা ক্লাব।
আজ শনিবার বিকেল ৩ টায় শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মুক্তিযোদ্ধার মুখোমুখি হয় উত্তর বারিধারা। খেলার প্রথমার্ধে দুই দল রক্ষণাত্মক খেলা শুরু করে। কয়েকটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি দু’দল।
তবে খেলার দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা আক্রমনের মধ্যে দিয়ে খেলা শুরু করে দু’দল। ৫৮ মিনিটে উত্তর বারিধারার ৭ নম্বর জার্সিধারী ফরোয়ার্ড সুজন বিশ্বাসের শর্ট গোল পোস্টে লেগে ফিরে আসলে সতীর্থ ১১ নম্বর জার্সিধারী আরিফ হোসেন গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে দেন।
খেলার ৬৪ মিনিটে ৯ নম্বর জার্সিধারী উজবেকিস্তানের মিডফিল্ডার ইভজেনটি কোচনেভের পাস থেকে ৭ নম্বর জার্সিধারী সুজন বিশ্বাস গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে দেন।
দুই গোল হজমের পর গোল শোধে মরিয়া হয়ে ওঠে মুক্তিযোদ্ধা। খেলার ৮৭ মিনিটে মুক্তিযোদ্ধার ৫ নম্বর জার্সিধারী মিডফিল্ডার গিনির ক্যামারা ইউনোসার পাস থেকে ৮নম্বর জার্সিধারী জাপানের ফরোয়ার্ড শোমা ওটাজ গোল করে ব্যবধান কমালেও শেষ পযর্ন্ত ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে।
এর আগে, জেলা প্রশাসক শাহিদা সুলতানা গোপালগঞ্জ ভেন্যু খেলার উদ্বোধন করেন। এসময় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইলিয়াছুর রহমান, বাফুফের সদস্য ইলিয়াস হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আলী লাঈম খান জিমিসহ অনেকে উপস্থিত ছিলেন। #