খালিদ হাসান, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে “প্রাণের উৎসবে,এসো মিলি একসাথে’ এই শ্লোগানকে সামনে রেখে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দি হাঙ্গার প্রজেক্ট এর ব্রেভ প্রকল্পের যুব মিলনমেলা।জেলার সদর উপজেলা যাত্রাপুর সংলগ্ন এলাকায় এ যুব মিলন মেলা অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে সকাল ১০টায় শুরু হয়ে দিনব্যাপী বিভিন্ন আয়োজনে মুখর ছিল দিনটি।
সকাল ১০টায় দি হাঙ্গার প্রজেক্টের কান্ট্রি ডিরেক্টর ড.বদিউল আলম মজুমদার ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুব মিলন মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন। এরপর পায়রা উড়িয়ে ও কেক কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন জেলা সহিংস উগ্রপন্থা নিরসন কমিটির সভাপতি এসকে এ হাসিব ও সাধারণ সম্পাদক এড. সেলিম আজাদ। অনুষ্ঠানটিতে বাগেরহাট সদর উপজেলার ১০ টি ইউনিয়ন ও একটি পৌরসভার ২০০ জন ইয়ুথ লিডার অংশগ্রহণ করেন।
যুব মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের কান্ট্রি ডিরেক্টর ড. বদিউল আলম মজুমদার। এছাড়া অতিথি হিসেবে অনলাইনে আরও যুক্ত ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের প্রোগ্রাম ডিরেক্টর নাসিমা আক্তার জলি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা সহিংস উগ্রপন্থা নিরসন কমিটির সভাপতি এস কে এ হাসিব, সাধারণ সম্পাদক এডভোকেট সেলিম আজাদ ছাড়াও অনেক গণ্যমান্য ব্যক্তি বর্গ।