স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ৬ আসামীর ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড শেষে জেলহাজতে পাঠানো হয়েছে।
আজ রোববার (২৭ ফেব্রুয়ারী) বিকেল ৩ টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো: হুমায়ুন কবির, জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট তানিয়া সুলতানা লিপি ও মো: শরিফুর রহমানের আদালতে হাজির করে জবানবন্দি রেকর্ড করা হয়।
স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়া আসামীরা হলো, গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদাহ গ্রামের শাফায়েত মিয়ার ছেলে রাকিব মিয়া ওরফে ইমন (২২), শহরের মার্কাস মহল্লার বাবুল ফকিরের ছেলে পিয়াস ফকির (২৬), পরেশ বিশ্বাসের ছেলে প্রদীপ বিশ্বাস (২৪), চান মিয়া সরদারের ছেলে মো. হেলাল সরদার (২৪), নবীনবাগের অহিদুজ্জামানের ছেলে মো. নাহিদ রায়হান (২৪) ও বাগেরহাটের মোল্লাহাট উপজেলার মৌপুরা গ্রামের বিকাশ মোহন্তের ছেলে তূর্য মোহন্ত (২৬)।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মনিরুল ইসলাম জানিয়েছেন, আসামীদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড শেষে জেলহাজতে পাঠানো হয়েছে। তারা এ ঘটনার সাথে নিজেদের সম্পৃক্ততার কথা আদালতে স্বীকার করেছে। এর আগে গত ২৫ ফেব্রুয়ারী রাতে র্যাব গোপালগঞ্জের বিভিন্ন স্থান থেকে ওই ৬ আসামীকে গ্রেফতার করে। শনিবার রাতে র্যাব ওই ৬ আসামীকে গোপালগঞ্জ থানায় সোপর্দ করে। #