গৌরনদী প্রতিনিধি \ ঠিকাদারের গাফিলতির কারনে বরিশালের উজিরপুর উপজেলার কাংশী এলাকায় ধামুরা-উজিরপুর খালের উপর গার্ডার ব্রিজ দুই বছরেও নির্মান হয়নি। ব্রিজের জন্য খালে বাঁধ থাকায় চরম বিপাকে পরেছেন বোরো চাষীরা।
উজিরপুর উপজেলা এলজিইডি সূত্রে জানা গেছে, ২০২০ সালে উজিরপুর-ধামুরা খালের কাংশী এলাকায় খালের উপর ১৫ মিটার গার্ডার ব্রিজ নির্মানের জন্য আইবিআরবি প্রকল্পের আওতায় ১ কোটি ৪৪ লাখ ৪০ হাজার ৬৪ টাকা বরাদ্দ করা হয়। ২০২০ সালের ১৮ নভেম্বর ব্রিজ নির্মানের কার্যাদেশ পায় মেসার্স রুপালী কনস্ট্রাকশন। কার্যাদেশ পাওয়ার নয় মাসের মধ্যে (অর্থাৎ ২০২১ সালের ১৮ জুলাই) ব্রিজটির নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, ব্রিজ নির্মাণের শুরু থেকে এ পর্যন্ত ঠিকাদারী প্রতিষ্ঠানটি ব্রিজের গার্ডার নির্মানের কাজই সম্পন্ন করতে পারেনি। বর্তমানে নির্মান কাজ বন্ধ রয়েছে। কবে নাগাদ কাজ ব্রিজ নির্মানের শেষ হবে তা কেউই বলতে পারছেননা।
ওই এলাকার কৃষকেরা অভিযোগ বলেন, গত দুই বছর পূর্বে ব্রিজ নির্মানের জন্য খালে বাঁধ দেয়া হয়। ফলে গত বছর ওই এলাকার পাঁচটি বোরো বøকে সেচ সংকট দেখা দেয়। খালে বাঁধ থাকার কারনে চলতি বোরো মৌসুমে চরম সেচ সংকট দেখা দিয়েছে। ফলে বোরো ধানের ফলন বিপর্যয়ের আশংকা করছেন কৃষকেরা। এ বিষয়ে ঠিকাদার অরুন সুমনের মুঠোফোনে কল করা হলে নম্বর বন্ধ থাকায় বক্তব্য নেয়া যায়নি।
ঠিকাদারের গাফিলতির সতত্যা স্বীকার করে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী শরীফ মোঃ জামাল উদ্দিন জানান, ইতিমধ্যে ঠিকাদারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করার পর ঠিকাদার পূনরায় কাজ শুরু করেছে। কাজটি দ্রুত সম্পন্ন করার জন্য ঠিকাদারকে নির্দেশ দেয়া হয়েছে।