গৌরনদী প্রতিনিধি \ বোমা তৈরির কারিগরের বসত ঘরে বোমা বিস্ফোরনের বিকট শব্দে পুরো এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরেছে। ঘটনার পর থেকে ওই ঘরের সদস্যরা আত্মগোপন করেছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ৬নং ওয়ার্ড নন্দনপট্টি গ্রামে।
স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হক সরদার বলেন, দুপুর দুইটার দিকে নন্দনপট্টি গ্রামের মৃত মোহাম্মদ মৃধার ছেলে চিহ্নিত বোমা তৈরির কারিগর ও মাদক বিক্রেতা কবির মৃধা ওরফে বোমা কবিরের বসত ঘরে বোমা বিস্ফোরনের বিকট শব্দে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে।
স্থানীয় ইউপি সদস্য মোঃ নুরমোহাম্মদ সরদার জানান, বোমা বিস্ফোরনের পর ওই ঘরের মধ্যে স্টিলের আলমিরাসহ অন্যান্য মালামাল তছনছ হয়ে গেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তিনি আরও জানান, কবির মৃধার কাজই বোমা তৈরি করে তা বিক্রি করা। ধারনা করা হচ্ছে বিক্রির উদ্দেশ্যে স্টীলের আলমিরার মধ্যে বোমাগুলো সংরক্ষন করাছিলো। সোমবার দুপুরে প্রচন্ড রোদের কারণে বোমাগুলো একত্রে বিস্ফোরিত হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করা গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ হেলাল উদ্দিন বলেন, পুরো বিষয়টি তদন্ত চলছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। উল্লেখ্য, অতিসম্প্রতি একই ইউনিয়নের মাদ্রা গ্রামে বোমা তৈরির সময় বিস্ফোরনে একজনের মৃত্যু হয়েছে।