গৌরনদী প্রতিনিধি \ বিংশ শতাব্দীর শেষভাগের বাংলা সাহিত্যের সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের নাটক : ‘প্রবণতা ও গঠণশৈলী’ শীর্ষক গবেষণা-অভিসন্দর্ভের জন্য সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী হিসেবে প্রথম এমফিল ডিগ্রি অর্জন করেছেন বরিশালের গৌরনদী উপজেলার চন্দ্রহার গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম কেএম মোয়াজ্জেম হোসেনের মেধাবী ছেলে মুহাম্মদ জাকির হোসাইন।
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২২২তম সিন্ডিকেট সভায় জাকির হোসাইনের এমফিল ডিগ্রির অনুমোদন দেয়া হয়। তিনি বাংলা বিভাগের অধ্যাপক ড. মোঃ আশ্রাফুল করিমের তত্ত্বাবধানে এ গবেষণাকর্ম সম্পন্ন করেন।
অধ্যাপক ড. মোঃ আশ্রাফুল করিমের এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলা বিভাগের শিক্ষার্থী হিসেবে প্রথম এমফিল ডিগ্রি লাভ করেছেন মুহাম্মদ জাকির হোসাইন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশের নাট্যসাহিত্যের বাঁক বদলকারী নাট্যকার সৈয়দ শামসুল হকের নাটকগুলোকে নানা কৌণিক বিশ্লেষণে সৈয়দ হকের বিষয়ভাবনার স্বাতন্ত্র্য উন্মোচিত হয়েছে জাকির হোসাইনের গবেষণায়।
উল্লেখ্য, জাকির হোসাইন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের স্নাতক (সম্মান) ২০০৯-২০১০ শিক্ষাবর্ষের (পঞ্চম ব্যাচ) শিক্ষার্থী ছিলেন। তিনি একই বিভাগ থেকে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর সম্পন্ন করেন। উভয় পরীক্ষায় তিনি প্রথমস্থান অর্জন করেছেন। বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে কর্মরত রয়েছেন। একইসাথে তিনি শাবিপ্রবির বাংলা বিভাগের অধীনে ‘হাসান আজিজুল হকের প্রবন্ধসাহিত্য : বিষয় ও নির্মিতি’ বিষয়ে পিএইচডি গবেষণারত। আন্তর্জাতিকমানের জার্নালে তার প্রকাশিত গবেষণা প্রবন্ধের সংখ্যা তিনটি।