• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রংপুরের ফটো সাংবাদিক আদরকে প্রাণনাশের হুমকি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৪, ২০২২, ১৬:৫৬ অপরাহ্ণ
রংপুরের ফটো সাংবাদিক আদরকে  প্রাণনাশের হুমকি

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ।
দুর্নীতি দমন কমিশন ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালকের সালাউদ্দিন পরিচয় দিয়ে মোবাইল ফোনে দৈনিক কালের কন্ঠ রংপুর অফিসের ফটো সাংবাদিক গোলজার রহমান আদরকে (আদর রহমান) ভয়ভীতি ও হুমকি প্রদান করা হয়েছে। এ ঘটনায় সোমবার (১৪ মার্চ) জীবনের নিরাপত্তা চেয়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।

রংপুর কোতয়ালী থানার সাধারণ ডায়রী সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১টা ৩ মিনিটে গোলজার রহমান আদর তার কর্মস্থল দৈনিক কালের কন্ঠ অফিসে অবস্থানকালে ০১৭৪৮৬৬৬২১১ মোবাইল নম্বর থেকে তার ব্যবহৃত মোবাইল নম্বরে ফোন করে তার বিরুদ্ধে দুদকের দায়েরকৃত একটি মিথ্যা মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় গোলজার রহমান আদর ওই ব্যক্তির পরিচয় জানতে চাহিলে তিনি, ঢাকা দুদক সমন্বিত জেলা কার্যালয় এর উপ-পরিচালক এবং তার নাম সালাউদ্দিন বলে জানায় এবং বলেন মামলা এখন আমার হাতে। মামলাটির সমস্যা কি। কি সমাধান চাচ্ছো তুমি। তুমি সিটি মেয়রের ক্যামেরাম্যানের দায়িত্বে ছিলে। আদরের সন্দেহ হলে তাঁর পরিচয় জানতে চাওয়া হয়। এসময় তিনি অপর প্রান্ত থেকে মুঠোফোনে আবার বলেন, আমি দুদকের উপপরিচালক সালাউদ্দিন। প্রথমে নিজেকে তিনি পরিচালক হিসেবে পরিচয় দেন। এতে আদর মামলা সম্পর্কে কিছুটা বর্ননা তুলে ধরেন। বিস্তারিত জানতে হলে টিঅ্যান্ডটি ফোন থেকে কল করতে অনুরোধ করেন আদর। তখন তিনি তাকে ‘বেয়াদব’ এবং অশ্লীল ভাষায় গালমন্দসহ তাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করে ফোন কেটে দেন ।

দৈনিক কালের কন্ঠ রংপুর অফিসের ফটো সাংবাদিক গোলজার রহমান আদর (আদর রহমান) বলেন, বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। তারা আমার জানমালের ক্ষতি করতে পারে। ওই মোবাইল নম্বরধারী ব্যক্তি কে এবং কেনো আমাকে ফোন করে হুমকি প্রদান করেছে তা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আইন-শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি।

এ ব্যাপারে রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাজ্জাদ হোসেনের (মিডিয়া) সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।