• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আগামী বৃহস্পতিবার টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৫, ২০২২, ১২:৫৮ অপরাহ্ণ
আগামী বৃহস্পতিবার টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীর সমাপনী এবং জাতীয় শিশু দিবসের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে আগামীকাল বৃহস্পতিবার (১৭ই মার্চ) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে টুঙ্গিপাড়ায় সমাধি সৌধ কমপ্লেক্সে পরিস্কার পরিচ্ছন্নতা ও শোভারবর্ধণ এবং শিশু সমাবেশ ও লোকজমেলা আয়োজনের সকল প্রস্তুতি শেষ হয়েছে। টুঙ্গিপাড়াসহ জেলায় নেওয়া হয়েছে তিন স্তরবিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা।

১৫ মার্চ প্রেরিত রাস্ট্রপতির প্রটোকল অফিসার মো: নবীরুল ইসলাম স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় জানাগেছে, সকাল ১০টা ৫০ মিনিটে মহামান্য রাষ্ট্রপতি মো: আবদুল হামিদকে বহনকৃত হেলিকাপ্টার টুঙ্গিপাড়া হেলিপ্যাডে অবতরণ করবে। সকাল ১১ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে উপস্থিত হয়ে পুস্পস্তবক অর্পণ করবেন। এসময় তিন বাহিনী গার্ড অব অনার প্রদান করবেন। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নিবেন। এরপর তিনি ঢাকায় ফিরে যাবেন।

এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুস্পস্তবক অর্পণ করবেন। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নিবেন। শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি ফিরে গেলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীর সমাপনী এবং জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচীতে অংশ নিবেন।

বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেপের পাবলিক প্লাজায় হবে শিশু সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতি হিসাবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শিশু সমাবেশে কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি, মুহাম্মদ ফারুক খান এমপি, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি, জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী এবং শিশুদের পক্ষ থেকে বক্তব্য রাখবেন।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সমাধি সৌধ কমপ্লেক্সের সমাধি সৌধের মূল স্তম্ভ, বঙ্গবন্ধু ভবন, মুক্তমঞ্চ, লাইব্রেরী, সংগ্রহশালা, ক্যাফেটরিয়া, মসজিদ, বকুলতলা চত্ত্বর এলাকায় শেষ হয়েছে পরিস্কার পরিচ্ছন্নতা ও উন্নয়নমূলক কাজ। বিভিন্ন অবকাঠামোতে রংয়ের কাজ ও ফুল গাছের চারা লাগানো হয়েছে। বঙ্গবন্ধুর সমাধির সৌধ কমপ্লেক্সসহ সারা জেলায় করা হয়েছে আলোকসজ্জ্বা। বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ ও গান পরিবেশনের জন্য সকল প্রস্তুতি শেষ করেছে শিশু-কিশোরেরা।

এছাড়াও আগামী ১৯ থেকে ২৫ মার্চ টুঙ্গিপাড়া সরকারি শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে সাত দিনব্যাপী আন্তর্জাতিক লোকজ মেলা অনুষ্ঠিত হবে। লোকজ মেলার জন্য বসছে আন্তর্জাতিক মানের প্যান্ডেল ও স্টল।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নেতৃবৃন্দের আগমনে নেতাকর্মীদের মধ্যে রয়েছে উৎসাহ উদ্দিপনা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ সরকারের উচ্চ পর্যায়ের কর্তাব্যক্তিদের স্বাগত জানাতে ফরিদপুরের ভাঙ্গা থেকে টুঙ্গিপাড়া পর্যন্ত মহাসড়ক শতাধিক তোরণ নির্মাণ করা হয়েছে। বঙ্গবন্ধু, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুন দিয়ে গোপালগঞ্জকে সাজানো হয়েছে। জেলায় চলছে সাজ-সাজ রব। নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে আনন্দ-উদ্দীপনা।

টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল বলেন, রাষ্ট্রীয় কর্মসূচীর সাথে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে টুঙ্গিপাড়া পৌরসভাসহ আওয়ামীলীগ। তাদের আগমনে ইতিমধ্যে পরিস্কার-পরিচ্ছন্নতাসহ যাবতীয় কাজ শেষ করা হয়েছে। করোনার কারনে গত দুই বছর নিজ জন্মভূমি টুঙ্গিপাড়ায় আসতে পারেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার ঘরের মেয়েকে এক নজর দেখার জন্য অধির আগ্রহে অপেক্ষা করছেন টুঙ্গিপাড়াসহ গোপালগঞ্জবাসী।

গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, ‘টুঙ্গিপাড়া :হৃদয়ে পিতৃভূমি’ শীর্ষক শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। এখন পর্যন্ত তিনটি প্রস্তুতি সভা করা হয়েছে। ঢাকা বিভাগীয় কমিশনারসহ পদস্থ কর্মকর্তারা টুঙ্গিপাড়া পরিদর্শন করেছেন। অনুষ্ঠানকে জমকালো করে তুলতে সব দপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। #