স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে ভোলানাথ দাস হত্যাকান্ডের ঘটনায় গনপতি মন্ডল নামে এক আসামীকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। এছাড়া মামলার অপর ১৪ আসামীকে খালাস দেয়া হয়েছে।
আজ বুধবার (১৬ মার্চ) দুপুরে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত দায়রা জজ মো: অব্বাস উদ্দীন এ রায় দেন।
যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামী হলেন, গোপালগঞ্জর মুকসুদপুর উপজেলার মহাটালী গ্রামের মৃত লক্ষণ মন্ডলের ছেলে গনপতি মন্ডল।
খালাসপ্রাপ্তরা হলেন, দিনেশ মন্ডল, রনজন মন্ডল, বিমল মন্ডল, চিন্ময় মন্ডল, দিপক বিশ্বাস, যুগল বিশ্বাস, দিপক মন্ডল, সমর রায়, বিষ্ণু রায়, সমর বিশ্বাস, পলাশ মন্ডল, দুলাল মন্ডল, বিপ্লব রায় ও কমলেশ ঘোষ।
মামলার বিবরনে জানাগেছে, ২০১১ সালের ১৫ জুন মুকসুদপুর উপজেলার মহাটালী গ্রামের ভোলানাথ দাসকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে গণপতি মন্ডল ও তার ২৫ জন সহযোগী। পরে মারাত্মক আহতাবস্থায় তাকে প্রথমে মুকসুদপুর হাসপাতালে ও পরে অবস্থার অবনিত হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিসাধীন অবস্থায় ১৭ জুন তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের ছেলে ঝড়ু দাস একটি মামলা দায়ের করলে দীর্ঘ শুনানীর পর বিজ্ঞ আদালত গণপতি মন্ডলকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং মামলার অপর ১৪ আসামীকে খালাস দেন। রায় ঘোষনার সময় সকল আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলায় বাদী পক্ষের এপিপি অ্যাডভোকেট মো: শহীদুজ্জামান খান ও অ্যাডভোকেট ফজলুল হক খান এবং আসামী পক্ষে অ্যাডভোকেট কাজী মেজবাহ উদ্দিন মামলাটি পরিচালনা করেন। #