• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে ডাক পিয়নের বিরুদ্ধে বিস্তর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৬, ২০২২, ১০:৪৮ পূর্বাহ্ণ
গৌরনদীতে ডাক পিয়নের বিরুদ্ধে বিস্তর অভিযোগ

গৌরনদী প্রতিনিধি \ গুরুত্বপূর্ন চিঠি প্রাপকের হাতে পৌঁছে না দিয়ে দোকানে রেখে দেয়া, চিঠি না পৌঁছে দিয়ে ফেরত পাঠানো সহ নানান অভিযোগ উঠেছে বরিশালের গৌরনদী উপজেলার কাসেমাবাদ পোস্ট অফিসের এক পিয়নের বিরুদ্ধে।
কাসেমাবাদ গ্রামের বাসিন্দা তুরজাউন হোসেন অভিযোগ করে বলেন, সরকারী চাকরীর পরীক্ষার জন্য তার নামে একটি চিঠি আসে। সেই চিঠি আমার বাড়িতে পৌঁছে না দিয়ে একটি দোকানে রেখে দেয় কাসেমাবাদ পোষ্ট অফিসের পিয়ন মহিউদ্দিন। পরবর্তীতে পরীক্ষা শেষ হওয়ার ১৭ দিন পর ওই চিঠি উদ্ধার করা হয়।
একই গ্রামের ফিরোজ আহম্মেদ অভিযোগ করে বলেন, আদালত থেকে তার পিতা আবুল ফয়েজ তালুকদারের নামে চিঠি আসে। সেই চিঠি বাড়িতে পৌঁছে না দিয়ে ফেরত পাঠিয়ে দেয় ডাক পিয়ন মহিউদ্দিন।
হরিসেনা গ্রামের রাকিব হোসেন অভিযোগ করে বলেন, বিদ্যুৎ অফিসে নিয়োগ পরীক্ষার জন্য তার নামে একটি চিঠি আসে। সেই চিঠি পৌঁছে না দিয়ে পোষ্ট অফিসের পাশের একটি দোকানে রেখে দেয় পিয়ন মহিউদ্দিন। পরবর্তীতে পরীক্ষা শেষ হওয়ার তিনদিন পর ওই দোকান থেকে চিঠি উদ্ধার করা হয়। কাসেমাবাদ গ্রামের একাধিক বাসিন্দারা অভিযোগ করে বলেন, ডাক পিয়ন মহিউদ্দিনের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠলেও রহস্যজনক কারনে তার বিরুদ্ধে কোন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছেনা। ডাক পিয়ন মহিউদ্দিনকে কাসেমাবাদ পোষ্ট অফিস থেকে অবিলম্বে প্রত্যাহারের দাবী জানান স্থানীয়রা। এবিষয়ে অভিযুক্ত ডাক পিয়ন মোঃ মহিউদ্দিন জানান, আমাদের দেখার জন্য কর্তৃপক্ষ আছে। তারা আমাদের দেখেন। তবে অভিযোগের বিষয়ে তিনি কোন বক্তব্য দিতে রাজি হননি। এ ব্যাপারে কাসেমাবাদ পোষ্ট অফিসের পোষ্ট মাষ্টার হুমায়ুন কবির জানান, ডাক পিয়ন মহিউদ্দিনের বিষয়ে ইতিমধ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।