বাউফল(পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালী বাউফল উপজেলার ১৫টি ইউনিয়নে জ্বালানি তেল পেট্রোলের সংকট দেখা দিয়েছে। গত প্রায় এক সপ্তাহ ধরে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এতে বিপাকে পড়েছেন পেট্রোল চালিত সকল যানবাহন মালিক। জীবিকা নিয়ে সমস্যায় পড়েছেন ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকরা।
ক্রেতাদের ধারণা মূল্য বৃদ্ধির সংবাদে সকল ব্যবসায়ী তেল অন্যত্র সরিয়ে দোকান খালি করে রেখেছেন।
উপজেলার সকল বাজার ঘুরে দেখা গেছে, উপজেলার সকল ইউনিয়নের জ্বালানি তেলের দোকান বন্ধ রয়েছে। বন্ধের কারণ জানতে চাইলে দোকান মালিরা জানান পেট্রোলের ডিলাররা তেল সরবরাহ করছেন না। কোন ধরণের পেট্রোল না থাকায় ক্রেতাদের সাথে ঝামেলা হয়। এদিকে পেট্রোল সরবরাহ না থাকায় বিপাকে পড়েছেন পেট্রোল চালিত সকল যানবাহন মালিক। আটকে গেছে বাড়ায় চালিত মোটরবাইক শ্রমিকদের জীবন ও জীবিকা।
ভাড়ায় চালিত মোটরবাইক শ্রমিক মো. নান্নু বলেন, প্রতিদিনের রোজগারে আমাদের সংসার চলে অথচ পেট্রোল পাচ্ছি না। গাড়ি কি ভাবে চালাবো আর সংসার কি ভাবে চলবে?
ডিলার সাহা বানিজ্য ভান্ডারের রিপন সরদার বলেন, ‘আমরা সপ্তাহে একবার রবিবার ডিপো থেকে পেট্রোল পেয়ে থাকি। কিন্তু গত এক সপ্তাহ ধরে কোন গাড়ি আসছে না। শুনেছি যুদ্ধের কারণে তেলবাহী কোন জাহাজ বিদেশ থেকে আসছে না। কবে নাগাদ স্বাভাবিক হবে জানা নেই।’
বাউফল উপজেলা নির্বাহী অফিসার মো. আল আমিন বলেন, খোঁজ নিয়ে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে।