শাহরিয়ার হিমু, বোরহানউদ্দিন প্রতিনিধি: “বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার, সকল শিশুর সমান অধিকার” স্লোগানে ভোলার বোরহানউদ্দিনে ১৭ ই মার্চ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ অত্যন্ত উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষ্যে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও বঙ্গবন্ধুর জীবনী নিয়ে একটি বিশেষ ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে, যুব উন্নয়ন অফিসার জনাব মিজানুর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব আবুল কালাম আজাদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জনাব রাসেল আহমেদ মিয়া, বোরহানউদ্দিন থানা অফিসার ইনচার্জ শাহীন ফকির বিপিএম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আহমদুল্লাহ মিয়া, পক্ষিয়া ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন সরদার প্রমুখ।
এর আগে সকাল ৮ টায় উপজেলা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বোরহানউদ্দিন পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ সহ রাজনৈতিক অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি সামাজিক প্রতিষ্ঠান, এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী বৃন্দ।
এছাড়াও দিবসটিকে ঘিরে একটি বর্ণাঢ্য মেলার আয়োজন করা হয়। বিকেল তিনটায় মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব আবুল কালাম আজাদ। মেলায় প্রায় ৩০টি স্টলে বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।