• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটিতে টিসিবি পণ্য কিনতে উপচে পড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২১, ২০২২, ০৯:৫১ পূর্বাহ্ণ
নলছিটিতে টিসিবি পণ্য কিনতে উপচে পড়া ভিড়

নলছিটি প্রতিনিধি :
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বাজারে নিত্যপণ্য কিনতে এসে আয়-ব্যয়ের হিসাব মেলাতেই হিমশিম খাচ্ছেন সীমিত আয়ের মানুষ। এমন পরিস্থিতিতে ঝালকাঠির নলছিটিতে সরকারের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিক্রির ভ্রাম্যমাণ ট্রাকে উপচে পড়া ভিড় দেখা যায়। ভোরের থেকেই টিসিবির ভ্রাম্যমাণ কেন্দ্রগুলোতে ভিড় করছেন নিম্নবিত্তরা। এই কেন্দ্রগুলোতে অতিদরিদ্র মানুষের পাশাপাশি মধ্যবিত্ত অনেক মানুষই সংসারের জন্য তেল, চিনি ও ডাল কিনতে দাঁড়াচ্ছেন লাইনে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ৫ জন ডিলার পর্যায়ক্রমে উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌর এলাকায় মোট ২১ হাজার ৭৬৫ জনের মাঝে টিসিবির মাধ্যমে পণ্য বিক্রি করা হবে। এই কার্যক্রমের মাধ্যমে ডাল ৬৫ টাকা কেজি, চিনি ৫৫ টাকা কেজি আর তেল ১১০ টাকা লিটার দরে বিক্রি করা হচ্ছে।

উপজেলার অভয়নীল এলাকার টিসিবির ট্রাকের সামনে লাইনে দাঁড়িয়ে থাকা রহিম হাওলাদার বলেন, আমরা যা রোজগার করি তা দিয়ে সংসার চালানোই কষ্টসাধ্য। তার মধ্যে জিনিসপত্রের দাম এখন বাড়তি। জিনিসপত্রের দাম বাড়তি থাকলেও আমাদের কাজের দর খুবই কম। কম দামে পণ্য পেয়ে অনেকটা ভালোই লাগছে।

নাচনমহল এলাকার ছালেহা বেগম বলেন, স্বামী দিনমজুর। অল্প টাকা রোজগার। সে কাজে গেছে আর আমি টিসিবি পণ্য কিনতে লাইনে দাঁড়িয়েছি। যদি কম দামে তেল, চিনি আর ডাল কিনতে পারি তাহলে অন্তত কয়েকটা দিন ভালোভাবে চলতে পারবো।

সোমবার (২১ মার্চ) দুপুরে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা সিকদার ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজন কৃষ্ণ খরাতী।

এসময় ইউএন রুম্পা সিকদার বলেন, সবাই যেন সঠিকভাবে পণ্য কিনতে পারেন, কোথাও যেন অনিয়ম না হয় সেদিকে কঠোর নজরদারি করা হচ্ছে।