মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে নিজ ঘরের রুয়ার (আড়া) সাথে গলায় ফাঁস দিয়ে আব্দুল জব্বার মাস্টার(৭৫) নামে এক আওয়ামীলীগ নেতার আত্মহত্যার খবর পাওয়া গেছে।
বুধবার (২৩ মার্চ) সন্ধ্যা ৬ টায় উপজেলার দেউলী-সুবিদখালী ইউনিয়নের পশ্চিম-সুবিদখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জব্বার মাস্টার ওই গ্রামের মৃত রজ্জব আলী হাওলাদারের ছেলে ও দেউলী-সুবিদখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আ.লীগের সাধারন সম্পাদক। তিনি প্রায়১৫ বছর আগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসরে আসেন এবং ইতিপূর্বে তিনবার স্ট্রোক করেছেন বলে জানা যায়।
নিহতের স্বজনরা জানান, সে এক বছর যাবৎ মানসিক ভারসাম্যহীন এবং পরিবারসহ সকলের সাথে দুর্ব্যবহার করতেন। ফলে তিনি একাই একটি ঘরে বসবাস করতেন। ঘটনার দিন দুপুরে তার স্ত্রী ও পুত্রবধু তাকে খাবার দিতে গেলে তিনি দুর্ব্যবহার করে তাদেরকে তাড়িয়ে দেন। পরে আবার বিকালে তাকে খাবার দিতে গেলে ঘরের রুয়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এসময় তাদের ডাক-চিৎকারে বাড়ির লোকজন এসে থানা পুলিশকে খবর দেয়।
মির্জাগঞ্জ থানার ওসি মোঃ আনোয়ার হোসেন তালুকদার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং নিহতের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।