• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৬, ২০২২, ১২:২৯ অপরাহ্ণ
মির্জাগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।

শনিবার (২৬ মার্চ) প্রত্যুষে ৫০ বার তোপধ্বনির মধ্যেদিয়ে দিবসের সূচনা করা হয়। এরপর সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ ও প্রশাসন, মির্জাগঞ্জ প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলকে পুস্পস্তবক অর্পন করা হয়।

সকাল সাড়ে আটটায় উপজেলা পরিষদ মাঠে পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস, গ্রাম পুলিশ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় এবং বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা ডিসপ্লে প্রদর্শন করেন।

সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম ইউএনও মোসাঃ তানিয়া ফেরদৌসের সভাপতিত্বে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল, সহ-সভাপতি ইসমাইল হোসেন মৃধা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজীজ মল্লিক প্রমুখ।

এছাড়াও চিত্রাংকন প্রতিযোগিতা, মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা, মসজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, ঐতিহ্যবাহী হাডুডু খেলা এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটির সমাপ্তি ঘটে।

#