গৌরনদী প্রতিনিধি \ বসতবাড়ির প্রবেশের একমাত্র পথ বন্ধ করে দেয়ায় ১৯টি পরিবার অবরুদ্ধ হয়ে পরেছে। প্রবেশপথ উন্মুক্ত করার জন্য একাধিকবার সালিশ বৈঠক করা হলেও মেলেনি কোন সুরাহা। ফলে চরম ভোগান্তিতে পরেছে পরিবারগুলো। ঘটনাটি বরিশালের গৌরনদী পৌরসভার ৯নং ওয়ার্ড হরিসেনা গ্রামের (লালপুল সংলগ্ন)।
ওই গ্রামের আইউব আলী সিকদার, মোসলেম সিকদার, সোহরাব সিকদার, নার্গিস বেগম সহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, বসতবাড়িতে যাতায়তের জন্য বিগত ৪০ বছর যাবত একটি সরু রাস্তা ব্যবহার করে আসছিলো পরিবারগুলো। গত একমাস পূর্বে বসতবাড়ির জমি পরিমাপ করা হলে ওই সরু রাস্তাটি প্রতিবেশী মৃত মুনসুর সরদারের পুত্র শাহিন সরদার, আবু সাঈদ সরদার গংদের ভাগে পড়ে। এরপরই ৪০ বছরের পূরনো ওই রাস্তাটি বন্ধ করে দিয়ে পাকা দেয়াল নির্মাণ করে শাহিন সরদার, আবু সাঈদ সরদার গংরা।
তারা আরও বলেন, বিষয়টি সমাধানের জন্য বর্তমান কাউন্সিলর, সাবেক কাউন্সিলর ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা একাধিকবার সালিশ বৈঠক করে প্রবেশপথ উন্মুক্ত করে দেয়ার অনুরোধ করলেও তাতে কর্ণপাত করছেনা শাহিন ও আবু সাঈদ গংরা। তবে বসতবাড়ির প্রবেশপথ বন্ধ করে দেয়ার বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত আবু সাঈদ সরদার। ভুক্তভোগী পরিবারগুলো বসতবাড়ির প্রবেশপথ উন্মুক্ত করে দেয়ার জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন ।