রিয়াজুল হক সাগর,
রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুর কারমাইকেল কলেজ শাখা ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম আলিফের উপর হামলার ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৯.০৩.২০২২) দুপুরে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলো, ফেরদৌস ইসলাম তিতাস, রজব আলী রিয়াদ ও অমিত এ ঘটনার প্রতিবাদে কলেজ শাখা ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও লালবাগ কলেজ রোড অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। আহত আলিফ কারমাইকেল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ-প্রার্থী।
জানা যায়, মঙ্গলবার দুপুরে কলেজ ক্যাম্পাসে ঘুরতে আসা দুজন শিক্ষার্থীকে হয়রানি ও মারধর করে তাদের কাছে থাকা মোবাইল ও টাকা পয়সা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে স্থানীয় বহিরাগত কয়েকজন ছেলেপেলে। এ ঘটনা দেখতে পেয়ে কলেজ ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম আলিফসহ বেশ কয়েকজন ছাত্রলীগ কর্মী বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বহিরাগতরা তাদের উপর চরাও হয়। এক পর্যায়ে বহিরাগতরা তাদের কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে ছাত্রলীগ কর্মীদের উপর হামলা চালায়। এসময় চাপাতির আঘাতে গুরুতর আহত হয় আলিফ। এসময় ছাত্রলীগে কর্মীরা বিষয়টি কলেজ অধ্যক্ষকে অবগত করে এবং ৯৯৯ এ কল দেয়। পরবর্তীতে এর প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল থেকে বহিরাগত তিনজনকে আটক করে।